দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব জোড়া অতিমহামারীর আবহে ভ্যাকসিন বানিয়েছে ভারত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড ভ্যাকসিনই তৈরি হয়েছে পুণের সিরাম ইনস্টিটিউটে। দেখতে দেখতে ১৬টি ইউরোপীয় দেশে স্বীকৃতি পেল 'মেড ইন ইন্ডিয়া' কোভিশিল্ড।
সম্প্রতি ভারতের কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়েছে ফ্রান্স। বলা হয়েছে, কোভিশিল্ড ভ্যাকসিন যাঁরা নিয়েছেন তাঁদের ফ্রান্সে প্রবেশে আর কোনও বাধা নেই। এই নিয়েই কোভিশিল্ডের ছাড়পত্রের তালিকা পৌঁছল ষোলোতে। সিরাম কর্তা আদর পুনাওয়ালা যা নিয়ে উচ্ছ্বসিত।
এদিন ফ্রান্সের ছাড়পত্র পাওয়ার পর সাংবাদিকদের কাছে পুনাওয়ালা বলেছেন, যাত্রীদের জন্য এটা খুবই সুখবর। ১৬টি ইউরোপীয় দেশ এখন কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। দেশে ঢুকতে গেলে কোভিশিল্ড প্রাপকরা আর বাধা পাবেন না। তবে ভ্যাকসিন নেওয়া থাকলেও প্রবেশবিধি এক-একটা দেশে এক-একরকম হতে পারে বলে জানিয়েছেন তিনি।
ইউরোপের কোন কোন দেশে স্বীকৃতি দেওয়া হয়েছে 'মেড ইন ইন্ডিয়া' ভ্যাকসিনকে?
এখনও পর্যন্ত অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাতভিয়া, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইৎজারল্যান্ড এবং ফ্রান্সের ছাড়পত্র পেয়েছে কোভিশিল্ড।
ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি শুক্রবার জানিয়েছে কোভিশিল্ড নির্মাতা সংস্থা সিরাম ইনস্টিটিউটের তরফে এখনও স্বীকৃতির জন্য কোনও আবেদন পত্র তাদের দেওয়া হয়নি। তা পেলে তবেই ইউরোপীয় ইউনিয়ন স্বীকৃতি দিতে পারবে কোভিশিল্ডকে।
এদিকে ভারত সরকার সিরামের কাছে আরও ভ্যাকসিন চেয়েছে। কোভিশিল্ড আর কোভ্যাকসিন মিলিয়ে আগামী আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যেই মোট ৬৬ কোটি টিকার জোগান দিতে হবে সিরাম ইনস্টিটিউট আর ভারত বায়োটেককে। এক্ষেত্রে কোভিশিল্ডের দাম হবে ডোজপ্রতি ২০৫ টাকা এবং কোভ্যাকসিনের দাম হবে ডোজপ্রতি ২১৫ টাকা।