
ঘাটালে আইনজীবীর রহস্যমৃত্যু
শেষ আপডেট: 19 August 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: নিজের বাড়ি থেকে উদ্ধার হল আইনজীবীর ঝালসানো দেহ। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে দাসপুরের ১ নম্বর ব্লকের কুঞ্জপুর এলাকায়। কী করে ওই আইনজীবী আগুনে পুড়ে মারা গেলেন তাই নিয়ে স্থানীয়দের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।
প্রতিবেশীদের দাবি, পুরোপুরি পরিকল্পনা করে মারা হয়েছে ওই আইনজীবীকে। একই দাবি করেছেন সুদীপবাবুর সহকর্মীরাও। তাঁর কথায়, "কোনওভাবে শুধুমাত্র আগুনে পুড়ে মৃত্যু হতে পারে না।" আইনজীবীদের একাংশ মনে করছেন, পুলিশের প্রাথমিক তদন্ত থেকে যা যা তথ্য উঠে এসেছে, তাতে পরিকল্পনা করেই খুনের পরে তথ্য প্রমাণ লোপাট করার জন্য দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল বলেই অনুমান। যদিও সে কথা মানতে নারাজ আইনজীবীর পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, গায়ে আগুন লেগেই পুড়ে মৃত্যু হয়েছে আইনজীবীর গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করছে পুলিশ।
আইনজীবীর মা বলেন, "রবিবার মেয়ের বাড়িতে গিয়েছিলাম। বড় ছেলে সুদীপ ছাড়া বাড়িতে ছোটো ছেলে ও তার স্ত্রী ছিল। তারা বাড়ি নীচের তলায় থাকে। সাধারণত সুদীপের সঙ্গে ওপরের তলার ঘরের শুই আমি। এদিন বাড়িতে ছিলাম না তাই ওই ঘরে সুদীপ একাই শুয়েছিল। সকালে আমি খবর পেয়ে ছুটে এসেছি। আমার বিশ্বাস কেউ কিছু করেনি।"
পাড়া-প্রতিবেশীদের অভিযোগ, রবিবার সকালে ছোটো ভাইয়ের সঙ্গে সুদীপবাবুর তুমুল অশান্তি হয়েছিল। এরপরেই এমন ঘটনা ঘটে গেল। বাড়ি লোকজন আসল বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করে আসল বিষয়ে সামনে আনুক। দোষীদের শাস্তি দিক।