
পার্টি অফিসে আগুন
শেষ আপডেট: 27 November 2024 16:51
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে পুড়ল দলীয় কার্যালয়। গলসিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে।
মঙ্গলবার গলসির পোতনা-পুরষা গ্রাম পঞ্চায়েতের সদস্য সেখ গোলাম মর্তুজা লালনের পার্টি অফিসে আগুন লাগে। আগুনে কার্যত গোটা পার্টি অফিস পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ভস্মীভূত হয়েছে পুরো পার্টি অফিসটিই।
এরপরেই আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা দলের গলসি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের অনুগামীদের বিরুদ্ধে। তবে অভিযুক্ত প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের দাবি, ওটা পার্টি অফিস নয়। নিজেরাই আগুন লাগিয়েছে। শেখ গোলাম মর্তুজা অভিযোগ করেন, 'জাকির হোসেনের এক অনুগামী বিনা অনুমতিতে পঞ্চায়েতের গাছ কেটে নেয়। আমরা প্রতিবাদ করি এবং পঞ্চায়েতের পক্ষ থেকে বন দফতরে অভিযোগ করা হয়। বন দফতরে অভিযোগ করার জন্য জাকির হোসেনের অনুগামীরা আমাদের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয়।'
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জাকির হোসেন বলেন, "ওটা পার্টি অফিসই নয়। ছেলেটি ভাঙা কিছু গাছের ডাল নিয়ে যাওয়ায় তাঁকে ওই ঘরে নিয়ে গিয়ে মারধর করে গোলাম মর্তুজার লোকজন। বর্তমানে নিজেরাই আগুন লাগিয়ে দিয়ে আমাদের দোষারোপ করছে।"
বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন, "তৃণমূলের ভাগ বাঁটোয়ারা নিয়ে গন্ডগোল, আর তাতেই আগুন লাগানো হয়েছে।" রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "খোঁজ খবর নিয়ে দেখে তবেই বলতে পারব।"