
বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু বর্ধমানে
শেষ আপডেট: 27 May 2024 14:54
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ঝড়ে ভেঙে পড়েছিল কলাগাছ। কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মেমারি থানার কলানবগ্রামের কোঙারপাড়ায়। পরিবারসূত্রে জানা গেছে,মৃতদের নাম ফড়ে সিং(৬৪) ও তরুণ সিং(৩০)।
ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসেন তাঁরা। ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। ফড়ে সিংয়ের ভাইপো বাপন সিং জানান, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে গিয়েছে বাগানের কলাগাছ। ঝড় বৃষ্টির মধ্যেই সেই গাছ কাটতে গিয়ে প্রথমে বাবা ফড়ে সিং বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসেন। তাঁর আর্ত চিৎকার শুনে ছুটে যান ছেলে তরুণ। বাবাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
তড়িঘড়ি স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। বাবা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে বড়শুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁদের। চিকিৎসকরা বাবা ও ছেলে দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশী সৈকত মালিক বলেন,‘‘বাড়ির মূল বিদ্যুৎবাহী তারের উপর ঝড়ের তাণ্ডবে কলাগাছ ভেঙে পড়েছিল। সেই কলাগাছ কাটতে গিয়েই এতবড় দুর্ঘটনা ঘটে।’’
ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে দেহ নিয়ে যাওয়া হয়। রবিবার রাত থেকেই ঝড়ের তাণ্ডব চলছে বর্ধমানের বিস্তীর্ণ এলাকাতেও। সঙ্গে বৃষ্টি। কিন্তু এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে ভাবতেও পারেননি কোঙারপাড়ার বাসিন্দারা। পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমেছে গ্রামেও।