
শেষ আপডেট: 29 December 2023 20:40
দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: জাল নোটের মতো এবার হদিশ মিলল জাল লটারি টিকিটের কারখানার। বিভিন্ন সূত্রে খবর পেয়ে জাল লটারি টিকিট কারবারের খোঁজে অভিযান চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার রাতে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের চিরকুন্ডা ও নিরসা থানা এলাকায় জাল লটারির টিকিট কারখানায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার হয়েছে ল্যাপটপ, প্রিন্টার এবং মোবাইল ফোন, সফ্টওয়্যার ইত্যাদি।
ধৃতরা হলেন ঝাড়খন্ডের ধানবাদ জেলার নিরসা থানার বিড়লাধলের রাজীব কুমার ও ধানবাদের পাঞ্চেত ড্যামের বাধনাঝাটি বাজারের ইউসুফ আনসারি ওরফে সোনু। শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) অভিষেক মুদি জানিয়েছেন, কারখানা থেকে দুটি ল্যাপটপ, ন’টি প্রিন্টার, একটি জেরক্স মেশিন, একটি কাটিং মেশিন (টিকিট কাটতে ব্যবহৃত), একটি হার্ড ডিস্ক, বিপুল পরিমাণে একদিক প্রিন্ট করা লটারির টিকিট, চারটি কার্টিজ ( প্রিন্টিংয়ে ব্যবহার করা হয়) বাজেয়াপ্ত করা হয়েছে। একইসঙ্গে আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকা মূল্যের প্রিন্ট করা লটারি টিকিটও পাওয়া গিয়েছে।
প্রাথমিকভাবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ধৃত রাজীব কুমার ও মুকেশ কুমার জাল লটারির টিকিটের প্রধান ডিলার। ধৃতেরা ঝাড়খণ্ডের নিরসা ও চিরকুন্ডায় কারখানায় ছাপানো জাল লটারি টিকিট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন।
ধৃতদের শুক্রবার আসানসোল আদালতে তুলে পুলিশ হেফাজতের আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে বিচারক ধৃতদের ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসে একইভাবে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। সেসময় গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জাল লটারির টিকিট সরবরাহকারীদের নাম পায়। যারা ঝাড়খণ্ডের মিহিজাম এলাকার নিরসা ও চিরকুন্ডা থানা এলাকার বাসিন্দা বলে জানতে পারে পুলিশ।