
শেষ আপডেট: 8 November 2024 14:43
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বরফের পেটির উপর রয়েছে মাছ। কারোও বোঝার উপায় ছিল না, ওই পেটিতেই লুকিয়ে রাখা আছে গাঁজা। এত লুকোচাপা সত্বেও পুলিশের নজর এড়াতে পারল না পাচারকারীরা। মাছ বোঝাই ট্রাক থেকে প্রায় দু-কুইন্টাল গাঁজা উদ্ধার করল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। এই ঘটনা সামনে আসতেই মাছ স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, "এমন ঘটনা তো সিনেমাই দেখেছি।"
পুলিশ সূত্রে জানা গেছে, রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের কাছে একটি মাছ বোঝায় ট্রাক আটক করেছিল পুলিশ। সেখানে তল্লাশি চালাতেই পাচারকারীদের সমস্ত কারচুপি ফাঁস হয়ে যায়। দেখা যায়, পেটির বরফের উপর মাছ রাখা হয়েছে। কিন্তু ওই বরফের নীচেই প্যাকেটে মোড়ানো রয়েছে গাঁজা। শুক্রবার পুলিশের এই তল্লাশি অভিযান দেখতে পাঞ্জাবি মোড়ের কাছে ভিড় জমে যায়।
স্থানীয়রা জানিয়েছে, মেদিনীপুরের বেলদা থেকে বীরভূমের দুবরাজপুরের দিকে যাচ্ছিল ওই ট্রাকটি। পুলিশ গাড়ির চালক ও হেলপারকে আটক করে থানায় নিয়ে গেছে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের নাগাদ পাওয়া চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শুভঙ্কর ও অভিজিৎ। শুভঙ্কর ট্রাকের চালক। অভিজিৎ গাড়ির হেলপার। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানাতে পেরেছে, ট্রাকের মালিকের নাম রাজু। তিনি কান্তাইয়ের বাসিন্দা। শুভঙ্কর ও অভিজিৎকে একটি ফোন নম্বর দেওয়া হয়েছিল। মাছের নীচের বরফের মধ্যে আদৌ কী রয়েছে তারা জানত না।
স্থানীয় এক বাসিন্দা কথায়, "এই ধরণের ঘটনা আগে কখনও দেখিনি। সিনেমায় এমন হতে দেখেছি। আজ বাস্তবে দেখলাম।"
পুলিশের দাবি, তারা গোপনসূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় রানিগঞ্জ থানার পুলিশ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। খবর পেয়ে ঘটনাস্থলে রানিগঞ্জের বিডিও শুভদীপ গোস্বামী পৌঁছে ছিলেন।