
বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিতে এল আদিবাসী কল্যাণ সমিতি
শেষ আপডেট: 27 July 2024 13:47
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের খবরের শিরোনামে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পিএইচডিতে ভর্তির ক্ষেত্রে বেশ কয়েকজন 'ভুয়ো' আদিবাসী সুযোগ পেয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন একটি আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। তাই আগেই প্রতিবিধানের দাবি নিয়ে উপাচার্যের কাছে ডেপুটেশন দিলেন তাঁরা।
আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন। সামিল ছিলেন কয়েকজন ছাত্রছাত্রীও। বিশ্ববিদ্যালয়ে এখন পিএইচডিতে ভর্তির প্রক্রিয়া চলছে। সংগঠনের রাজ্য সম্পাদক পার্শেল কিস্কুর দাবি, আদিবাসী নন, এমন বেশ কয়েকজন সরকারি দফতর থেকেই ভুয়ো আদিবাসী সার্টিফিকেট জোগাড় করে নিচ্ছে। তাঁদের জন্য উচ্চশিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র-সহ নানা জায়গা থেকে প্রকৃত আদিবাসীরা বঞ্চিত হচ্ছেন।
তাঁরা জানান, পিএইচডির সিলেকশনেও অন্তত সাতজন এরকমভাবে আবেদন করেছেন। তাঁদের কথা মতো, সাহু, চৌধুরী, মিনা, কাশ্যপ এই পদবি এই রাজ্যে আদিবাসীরা ব্যবহার করেন না। এঁদের আদিবাসী বলে বিবেচনা না করার দাবি জানান তাঁরা। উপাচার্য জানিয়েছেন, দাবিটি খতিয়ে দেখবেন।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ গৌতম চন্দ বলেন, "এঁদের অভিযোগ, আদিবাসী সার্টিফিকেট দিয়ে কয়েকজন আবেদন করেছেন তারা আদিবাসী নন। কিন্তু সার্টিফিকেটগুলো আসল ওঁরাই বলেছেন। তাই সংশ্লিষ্ট মহকুশাসকের দফতর থেকে জানতে চাওয়া হবে কোনও ভুল হয়েছে কী না। ভুল প্রমাণিত হলে তার ব্যবস্থা হবে।"