
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 October 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: শৌচাগারের ভিতরে বাথটব থেকে উদ্ধার হল চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার এক কর্মীর দেহ। এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় শোরগোল পড়ে রেল আবাসনে। স্থানীয়দের অভিযোগ, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। কী ভাবে ওই রেলকর্মীর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে মৃতের নাম ওমপ্রকাশ বাল্মীকি। রেল আবাসনের ৪১/এ ঠিকানায় একাই থাকতেন ওমপ্রকাশ। তাঁর পড়শিরা জানান, পরিবারের সদস্যরা উত্তরপ্রদেশে থাকেন। তাঁরা মাঝেমধ্যে আসতেন। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে ডাকতে এসে সাড়া মেলেনি। পরে প্রতিবেশীরা দেখেন বাথটবের মধ্যে পড়ে রয়েছেন তিনি। দেহে একাধিক আঘাতের চিহ্ন। তাঁরাই জানান, ঘটনার পর থেকে ওই রেলকর্মীর গলায় থাকা সোনার চেন এবং মোবাইল ফোনের কোনও হদিস পাওয়া যায়নি।
আশেপাশের মানুষের থেকে খবর পেয়েই মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছয় চিত্তরঞ্জন থানার পুলিশ এবং আরপিএফ। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওমপ্রকাশকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাল্মীকি সমাজের প্রতিনিধিরা বলেন, “উনি খুবই সজ্জন মানুষ ছিলেন। কারও সঙ্গে কখনও কোনও বিবাদে জড়াননি। খুন করা হয়েছে ওঁকে। সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। গোটা বিষয়টি তদন্ত করে দেখে দোষীদের শাস্তি দিক পুলিশ।’’
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) সন্দীপ কররা বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে জানা যাবে ওমপ্রকাশ বাল্মিকীকে খুন করা হয়েছে, না অন্য কোনও ভাবে তিনি মারা গিয়েছেন। তবে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখছি আমরা। ডাকাতি করতে এসে খুন কিনা তাও দেখা হচ্ছে।”