দ্য ওয়াল ব্যুরো: চার দফায় লকডাউনের পর এ বার আনলকের প্রক্রিয়া শুরু হচ্ছে দেশ জুড়ে। অর্থনৈতিক কার্যকলাপ ধাপে ধাপে শুরু করতে চাইছে। তাই ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, ৮ জুন থেকে কনটেইনমেন্ট জোনের বাইরে শপিং মল খোলা যাবে।
বৃহস্পতিবার সরকার নোটিশ দিয়ে সবিস্তারে জানিয়ে দিল, শপিং মল খোলার ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে—
১) শপিং মলের গেটে হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা বাধ্যতামূলক ভাবে রাখতে হবে।
২) যে সব ক্রেতার শরীরে কোনও উপসর্গ থাকবে না কেবল তাঁদের মলে ঢুকতে দেওয়া যাবে। অর্থাৎ কারও শরীরে জ্বর, বা সর্দি-কাশি থাকলে তাঁকে মলে ঢুকতে দেওয়া হবে না।
৩) মুখে মাস্ক পরা থাকলে বা মুখ কাপড় দিয়ে ভাল করে ঢাকা থাকলে তবেই মলে ঢুকতে দেওয়া যাবে।
৪) মলের ভিতরে কেউ যতক্ষণ থাকবে, ততক্ষণই মাস্ক পরে থাকতে হবে।
৫) কোভিড প্রতিরোধের জন্য মানুষকে কী কী ব্যাপারে সতর্ক থাকতে হবে সে বিষয়ে পোস্টার, স্ট্যান্ডি, অডিও-ভিডিও মাধ্যমে মলের ভিতরে ও বাইরে প্রচার চালাতে হবে।
৬) কিছু কিছু করে ক্রেতাকে মলে ঢুকতে দিলে ভাল। অর্থাৎ কিছু ক্রেতা ঢুকবেন, তার মধ্যে একাংশ বেরিয়ে যাওয়ার পর ফের আরও কিছু লোককে ঢুকতে দিলে ভাল।
৭) শপিং মল ও ধর্মস্থানের ক্ষেত্রে অভিন্ন নির্দেশেই বলা হয়েছে অন্তত ৬ ফুট পারস্পরিক শারীরিক দূরত্ব রাখতে হবে। তা ক্রেতারা মেনে চলছেন কিনা তার উপর নজর রাখতে যথেষ্ট সংখ্যায় কর্মী নিয়োগ করতে হবে মল কর্তৃপক্ষকে।
৮) যে সব কর্মীর শারীরিক ঝুঁকি রয়েছে, কিংবা যে কর্মীদের বয়স বেশি বা গর্ভবতী মহিলা কর্মীদের ফ্রন্টলাইনে না রাখাই ভাল।
৯) মলের বাইরে ও পার্কিং লটে যথাযথ ভাবে ক্রাউড ম্যানেজমেন্টের ব্যবস্থা রাখতে হবে।
১০) ভ্যালে পার্কিংয়ের ব্যবস্থা থাকলে, সেই কাজে নিযুক্ত কর্মীদের মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে থাকতে হবে। শুধু তা নয়, স্টিয়ারিং হুইল, গিয়ার, গাড়ির দরজার হ্যান্ডেল সবই জীবানুমুক্ত করার ব্যবস্থা করতে হবে।
১১) মলের মধ্যে সমস্ত দোকান ও ক্যাফেটেরিয়াকে সামাজিক দূরত্বের শর্ত মেনে কাজ করতে হবে।
১২) মলের মধ্যে কোনও দোকানের বাইরে কাস্টমারদের লাইন দিতে হলে সোশাল ডিস্টেন্সিং মেনে চলার জন্য ফ্লোরের উপরে নির্দিষ্ট দূরত্ব অন্তর মার্কিং বা স্টিকারের ব্যবস্থা করতে হবে।
১৩) ক্রেতা, কর্মী ও পণ্য সরবরাহকারীদের জন্য পৃথক প্রবেশ ও বাহির পথ চিহ্নিত করে দিতে পারলে ভাল হয়।
১৪) শপিং মলের কোনও কর্মী হোম ডেলিভেরি দিতে যাওয়ার আগে ভাল করে তাঁর থার্মাল স্ক্রিনিং করতে হবে।
১৫) মলে প্রবেশের সময় যদি লাইন পড়ে, তা হলে পরস্পরের মধ্যে অন্তত ৬ ফুটের দূরত্ব রাখতে হবে।
১৬) মলের দোকানের মধ্যে যে কোনও সময়ে যথাসম্ভব কম ক্রেতা থাকলে ভাল। অর্থাৎ কিছু লোক ঢুকবেন, তাঁরা বেরিয়ে যাওয়ার পর ফের কিছু ক্রেতা ঢুকবেন।
১৭) বসার ব্যবস্থা থাকলে সেখানেও সোশাল ডিস্টেন্সিং মানতে হবে।
১৮) লিফটে একসঙ্গে বেশি লোককে উঠতে দেওয়া যাবে না। লিফ্ট জীবানুমুক্ত রাখতে হবে।
১৯) এসকেলটর তথা চলমান সিড়িতে একটা ধাপ অন্তর দাঁড়ালে ভাল হয়।
২০) শপিং মলে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলে তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রির মধ্যে রাখতে হবে। আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে রাখতে হবে। যথাসম্ভব বাইরের হাওয়া প্রবেশ এবং ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে।
২১) বড় জমায়েত করা যাবে না।
২২) মলের মধ্যে সর্বদাই পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। নিয়ম করে স্যানিটাইজ করতে হবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে প্রস্রাবখানায়। পানীয় জল ও হাত ধোয়ার ব্যবস্থা যেখানে থাকবে সেই স্থানও নির্দিষ্ট সময়ান্তর স্যানিটাইজ করতে হবে।
২৩) দরজার নব, লিফটের বাটন, এসেকেলটরের হ্যান্ডরেল, বেঞ্চ, ওয়াশরুম ইত্যাদি যে সব স্থান মানুষ বেশি করে হাত দিয়ে স্পর্শ করে, সেই জায়গাগুলি ১ শতাংশ হাইপোক্লোরাইট দিয়ে জীবানুমুক্ত করতে হবে।
২৪) ব্যবহৃত মাস্ক, গ্লাভস ফেলার নির্দিষ্ট ব্যবস্থা রাখতে হবে।
২৫) ফুড কোর্টে বিশেষ নজর রাখতে হবে—
ক) সোশাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে।
খ) ফুড কোর্টের রেস্তোরাঁয় আসন সংখ্যার ৫০ শতাংশের বেশি একসঙ্গে ব্যবহার করা যাবে না।
গ) ফুড কোর্টের কর্মীদের মাস্ক, গ্লাভস পরে থাকতে হবে।
ঘ) কোনও কিছু না ছুঁয়ে খাবার অর্ডার করার ব্যবস্থা রাখতে পারলে ভাল, ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রাখতে পারলে ভাল হয়।
ঙ) কোনও ক্রেতা টেবিল ব্যবহার করে উঠে গেলে অন্য জন বসার আগে স্যানিটাইজ করতে হবে।
চ) রান্না ঘরে কর্মীরা নিজেদের মধ্যে যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন।
ছ) গেমিং আরকেড বন্ধ রাখতে হবে।
জ) বাচ্চাদের খেলার জায়গা তথা প্লে এরিয়াও বন্ধ রাখতে হবে।
ঝ) মলের মধ্যে সিনেমা হল বন্ধ থাকবে।
২৬) শপিং মলের মধ্যে কোনও কর্মীর শরীরে যদি কোভিডের উপসর্গ দেখা দেয় বা পজিটিভ কেস পাওয়া যায়,-
ক) তা হলে তাঁকে তৎক্ষণাৎ মলের মধ্যে একটি পৃথক ঘরে রাখতে হবে।
খ) দ্রুত কাছে স্বাস্থ্যকেন্দ্রে খবর দিতে হবে।
গ) ওই ব্যক্তির শরীরে কোভিড পজিটিভ পাওয়া গেলে কনট্যাক্ট ট্রেসিং করতে হবে এবং মল স্যানিটাইজ করতে হবে।