কিডনি পাচার সংক্রান্ত মামলায় বর্ধমানের এক চিকিৎসকের (Bardhaman Doctor) বাড়িতে রাতভর তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা, সোনা-হিরের গয়না।

সিবিআই-এর তল্লাশি অভিযান
শেষ আপডেট: 25 May 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: কিডনি পাচার সংক্রান্ত মামলায় বর্ধমানের এক চিকিৎসকের (Bardhaman Doctor) বাড়িতে রাতভর তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। উদ্ধার করে লক্ষ লক্ষ নগদ টাকা, সোনা-হিরের গয়না।
সিবিআই সূত্রে জানা গেছে, মিঠাপুকুরের হাতিশালা এলাকার ওই চিকিৎসকের নাম তপন কুমার জানা। জাতীয় মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে মূল্যায়নের সময় একটি বেসরকারি মেডিক্যাল কলেজের থেকে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
তাছাড়াও টাকার বিনিময়ে ভুল রিপোর্ট দেওয়া, কিডনি পাচার মামলার সঙ্গেও জড়িয়ে রয়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে।
শনিবার রাত ১১টা নাগাদ সিবিআইয়ের ৮ জনের একটি প্রতিনিধি দল বর্ধমান থানার সঙ্গে যোগাযোগ করে মিঠাপুকুরের হাতিশাল এলাকায় ওই চিকিৎসকের বাড়িতে হানা দেয়। জানা গিয়েছে ওই চিকিৎসকের বিরুদ্ধে অঙ্গ পাচারের (Organ Traffic) অভিযোগ রয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলে অভিযান। যদিও তখন অভিযুক্ত চিকিৎসক বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রীও পেশায় চিকিৎসক।
বর্তমানে ওই চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের শারীরবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান পদে কর্মরত। স্ত্রী কলকাতার এক মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত। যদিও তল্লাশির বিষয়ে স্ত্রী কিছুই বলতে চাননি।