
শেষ আপডেট: 7 November 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কেরল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেলেন এক পরিযায়ী শ্রমিক। তাঁর মোবাইল ফোনও বন্ধ। ১২ দিন ধরে তাঁর কোন সন্ধান পাচ্ছেন না পরিবারের লোকজন। নিখোঁজ পরিযায়ী শ্রমিক বছর ৫৫র আব্দুল কারিকর পূর্বস্থলী থানার নতুন বাজারপাড়ার বাসিন্দা।
পূর্বস্থলী থানার পুলিশ অভিযোগ নিতে চাইছে না বলে অভিযোগ পরিবারের। লিখিত অভিযোগ নেয়নি জিআরপিও। এদিকে দীর্ঘদিন বাড়ি না ফেরায় উদ্বেগে ঘুম গিয়েছে পরিজনের। ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে স্ত্রী ও এক ছেলে রয়েছে। বেশ কয়েক বছর আগে মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। খুবই দুঃস্থ পরিবার। কাজকর্ম না থাকায় শ্রমিকের কাজে কেরলে গিয়েছিলেন আব্দুল কারিকর। সেখানে কোটেন থানা এলাকার লালিয়াঘরিতে কাজ করতেন।
ছেলে আনারুল কারিকর বলেন, গত ২৭ অক্টোবর বাড়ি ফেরার জন্য কোটেন রেলস্টেশন থেকে গুরুদেব এক্সপ্রেসে ওঠেন। তারপর থেকে মোবাইলে তিনবার স্ত্রী তারা বিবির সঙ্গে কথা বলেছেন। এরপর থেকে আব্দুলের মোবাইল বন্ধ হয়ে যায়। কোনওভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবার লোকজন। পরিজনদের আশঙ্কা, সম্ভবত মেরে ফেলা হয়েছে আব্দুলকে, অথবা কেউ তাকে আটকে রেখেছে। স্ত্রী তারা বিবি বলেন, "ওঁর কাছে মোবাইল ও আধার কার্ড আছে। ফলে আমাদের সঙ্গে কারও যোগাযোগ করা অসম্ভব হয়। খারাপটাই আশঙ্কা করছি।"