
দুই পুরোহিতের বিবাদ
শেষ আপডেট: 27 January 2025 14:19
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বিয়ের আসরে বিয়ের পদ্ধতি ও মন্ত্রোচ্চারণ নিয়ে দুই পুরোহিতের মতান্তর। এই বিবাদ নতুন নয়। তবে এবার এই বিবাদের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই হাসির রোল।
দেখা যায় ছাদনাতলায় বর বসে রয়েছেন। রয়েছেন আত্মীয়স্বজন থেকে নিমন্ত্রিতরা। তাদের সামনেই দুই পুরোহিত জড়িয়ে পড়েছেন বচসায়। একজন পুরোহিত আর অন্যজনকে শেখাচ্ছেন বিয়ের মন্ত্র এবং পদ্ধতি। আরেকজনও থেমে থাকবেন কেন! তাঁদের এই তর্ক বিতর্ক দেখে পাশ থেকে একজন মন্তব্য করছেন,"ঠাকুরমশাই, রাত পেরিয়ে তো কোকিল ডাকবে। ঝগড়া থামিয়ে তাড়াতাড়ি করুন।"
জেলার মঙ্গলকোট থানার নিগন গ্রামে একটি পরিবারের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই নাটকের মঞ্চ তৈরি করলেন দুই পুরোহিত। খুঁটিনাটি নিয়ে বিবাদ চলল দুই পুরোহিতের। বর পিঁড়িতে বসে নিশ্চুপ। আত্মীয়স্বজন থেকে নিমন্ত্রিতরা গোল হয়ে চারপাশে দাঁড়িয়ে। একজনের মতে একরকম পদ্ধতি, তো আরেকজন বলছেন সম্পূর্ণ উল্টো। এক পর্যায়ে এক পুরোহিত অপরকে মন্ত্র শেখানোর উদ্যোগ নেন! অতিথিদের মধ্যে কেউ কেউ বিরক্ত হন, আবার কেউ হাসি চেপে রাখেন। তর্কবিতর্কের দৃশ্যটি কেউ ক্যামেরাবন্দি করেন। পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও দেখে কেউ হাসিতে গড়াগড়ি খাচ্ছেন, কেউ আবার লিখছেন, “বিয়েতে বর-কনে মুখ্য থাকে, কিন্তু এখানে পুরোহিতরাই তারকা হয়ে গেলেন!”