
বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর, হাসপাতালে মৃত্যু-প্রতীকী চিত্র
শেষ আপডেট: 9 July 2024 20:03
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সমকামী সম্পর্ক মেনে নেয়নি পরিবার, মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল। কিন্তু বিয়ের তিনদিন আগে কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন তরুণী। মঙ্গলবার সকালে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণীর মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি গলসি থানা এলাকায়।
পরিবার সূত্রে জানাগিয়েছে, এক তরুণীর সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। কিন্তু সমকামী এই সম্পর্ককে মেনে নেয়নি পরিবার। তার অন্যত্র বিয়ে ঠিক করে দেয় পরিবার।
পরিবারের অভিযোগ, সম্পর্কে জড়াতে ওই তরুণী তাঁদের মেয়েকে প্রস্তাব দিয়েছিল। ঘটনা জানতে পারার পরে মেয়েকে তাঁরা ওই তরুণীর সঙ্গে মেলামেশা বন্ধ করে দেওয়ার কথা বলেন। এমনকী মোবাইলেও তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে মানা করেন। মেয়ে মোবাইল রিচার্জও করে দিতেন না। কিন্তু কয়েকদিন আগেই মেয়ের নম্বরে রিচার্জ করে দেয় ওই তরুণী। এরপর থেকে মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল সে। এই পরেই মেয়ে কীটনাশক খায় বলে অভিযোগ করেছেন মৃতের পরিবার।
প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েকে নিয়ে গেছিলেন আত্মীয়রা। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতায় আনা হয়েছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণে কলকাতা থেকে ফের মেয়েকে বর্ধমানে নিয়ে আসেন তাঁরা। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান তাঁকে।মঙ্গলবার সকালে তাদের মেয়ের মৃত্যু হয়।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠিয়েছে। মৃতার মামা বলেন, "ওই তরুণীর জন্যই তার ভাগ্নী আত্মঘাতী হয়।"