
কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ
শেষ আপডেট: 2 September 2024 19:40
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছেন গোটা রাজ্যের মানুষ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অপরাধীর ফাঁসি চেয়ে পথে নেমেছে তৃণমূলও। ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মঞ্চ থেকে দলীয় কর্মীদের 'ফোঁস' করার নিদানও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "আগামী দিনে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।" আর তারপরেই আন্দোলনকারীদের কটাক্ষ করে একের পর এক বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতারা। এবার সেই তালিকায় নাম যোগ হল কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের।
দলের প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে সরকারি কর্মীদের উদ্দেশে তিনি বললেন, "যাঁরা ডিএ পাচ্ছেন না, তাঁরা রাস্তায় বিচার চাইছেন। লক্ষ্য কিন্তু বিচার নয়, আমার ডিএটা কেন বাড়ছে না!"
রবিবার মাইক সাউন্ড অ্যান্ড লাইট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে রাজ্য বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানেই উপস্থিত হয়েছিলেন বিধায়ক দেবপ্রসাদ বাগ। ওই মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “যাঁরা ডিএ পাচ্ছেন না, তাঁরা বিচার চাইছেন। তাঁদের লক্ষ্য নির্যাতিতার জন্য বিচার নয়, আসল বক্তব্য, ডিএটা কেন বাড়ছে না! কারও আবার ট্রান্সফারটা আটকে রয়েছে, সেও বলছে বিচার চাই। যিনি মারা গেলেন, তাকে দূরে সরিয়ে রেখে, যে যার নিজের দাবি আদায়ের জন্য বলছেন বিচার চাই।”
তৃণমূল বিধায়কের এই বক্তব্যে ঘিরে বিতর্ক শুরু হয়েছে কালনায়। বিরোধীরা বলছেন, শাসক দলের নেতারা এমন বললে, আন্দোলনের ঝাঁঝ বাড়বে আরও।