
শেষ আপডেট: 28 February 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গভীর রাতে চাষিদের পাম্পসেটের যন্ত্রাংশ চুরি হল পূর্ব বর্ধমানের আউশগ্রামে। শুক্রবার সকালে আউশগ্রামের শিবদা ও দেয়াশা গ্রামের বোরো চাষিরা মাঠে গিয়ে দেখেন ২১ টি সাবমার্সিবল পাম্পের যন্ত্রাংশ এবং কেবল চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা।
জানা যায়, শিবপাড়া কৃষি সমবায় সমিতির পরিচালনায় ওই মাঠে রয়েছে ২৫ টি সাবমার্সিবল পাম্প। তার মধ্যে ২৪ টি চালু রয়েছে। এবছর ওই ২৪টি সাবমার্সিবল পাম্পের উপর নির্ভর করে প্রায় এক হাজার বিঘা জমিতে বোরো চাষ হয়েছে। সমবায় সমিতির ম্যানেজার বিপত্তারণ দেয়াসি গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, যন্ত্রাংশ চুরি যাওয়ার জেরে ১৮ টি পাম্প এখন বন্ধ। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে শিবদা গ্রামের পাশে দেয়াশা গ্রামের মাঠ থেকে দুষ্কৃতীরা ৩ টি সাবমার্সিবল পাম্প যন্ত্রাংশ এবং কেবল চুরি লুঠ করেছে। ফলে বোরোচাষের সময় সংকটে পড়েছেন দেয়াশা ও শিবদা গ্রামের বহু কৃষক। চাষের ভরা মরশুমে এখন ধানের জমিতে প্রচুর জলের প্রয়োজন। চাষের কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন দেয়াশা গ্রামের বোরো চাষিরা।
বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা দুটি গ্রাম মিলিয়ে মোট ২১ টি পাম্পসেটের তার ও অন্যান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। এছাড়াও বেশ কয়েকটি স্টার্টার চুরি করে তারা। বেশ কিছু বোর্ডও ভেঙে দেয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার চাষি পূর্ণচন্দ্র দাস ও বিশ্বনাথ বাগদি জানান, এক একটি সাব মার্সিবল ২০ থেকে ২৫ বিঘে জমিতে চাষের কাজে লাগে। সেই হিসেবে ক্ষতির পরিমাণ বিরাট। আগে কখনও এইরকম হয়নি। তাই মাঠে পাহারা থাকে না। হঠাৎ করে এরকম ক্ষতিতে দিশেহারা তারা।
আউশগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জী বলেন, "এলাকায় কোনও দিন এমন চুরি হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা দেখছি যাতে দ্রুত মেরামত করে সাবমার্সিবল পাম্পসেটগুলি চালু করা যায়।" জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, "এরকম চুরির ঘটনা জানতে পেরে খোঁজখবর নিয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে। পাম্পসেটগুলি যাতে তাড়াতাড়ি চালু করা যায় দেখছি।"