
মুখ ধুতে গিয়ে বিদ্যুতের শকে মৃত্যু বিজেপি নেতার
শেষ আপডেট: 29 May 2024 16:48
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সজল ধারা প্রকল্পের কল থেকে জল পড়ছিল। সেখানেই মুখ ধুতে গিয়ে বিদ্যুতের শক খেয়ে মৃত্যু হল বিজেপির এক বুথ সভাপতি। এই ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছে মঙ্গলকোটের মাঝি গ্রাম পঞ্চায়েতের ইছাপুর গ্রামে। এই ঘটনার পরেই বিজেপির অভিযোগ, হুকিং করে চলানো হচ্ছিল সজল ধারার প্রকল্পের জল সরবরাহ। তবে তৃণমূলের সাফাই, নিয়ম মেনেই সজল ধারার জল সরবরাহ করা হচ্ছে।
বুধবার সকালে ইছাপুর গ্রামের সজল ধারা প্রকল্পের একটি নলের কাছে মুখ ধুতে গেছিলেন ১৩৭ নম্বর বুথের সভাপতি মৃত্যুঞ্জয় মাঝি। তখন বিদ্যুতের শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিজেপির ওই নেতা। তাঁকে কাতরাতে দেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন স্থানীয়রা। তারপর তাঁকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এরপরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বিজেপির নেতাকর্মীদের দাবি, এলাকায় মোট আটটি সজল ধারার জল প্রকল্প রয়েছে। কিন্তু হুকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে চলছে। বিজেপি যুবনেতা সৌমেন মুখোপাধ্যায়ের অভিযোগ, এই সমস্ত খবর পঞ্চায়েত ও বিদ্যুৎ দফতরের কাছে আছে। কিন্তু তবুও তাঁরা নিশ্চুপ।
মাঝি গ্রামপঞ্চায়েতের প্রধান কাজল কুমার মণ্ডলের দাবি, 'সাব মার্সেবল বসানো হয়েছে, সব জায়গায় সার্ভিস লাইন টানা রয়েছে। ওখানে কী রয়েছে, সেটা খতিয়ে দেখতে হবে।' বিদ্যুৎ দফতর জানিয়েছেন, ওখানে কোনও মিটার লাগানো ছিল না। খোঁজখবর নেওয়া হচ্ছে।