
আসানসোলের সিবিআই কোর্ট
শেষ আপডেট: 27 November 2024 11:14
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ঘুষ নেওয়ার অপরাধে ব্যাঙ্ক ম্যানেজারকে দোষী সাব্যস্ত করল আসানসোলের সিবিআই আদালত। ৯ বছরের বেশি সময় ধরে মামলা চলার পর মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বীরভূমের সাঁইথিয়ার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তৎকালীন ম্যানেজার শরৎ চন্দ্রকে ৪ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। একইসাথে বিচারক ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। অনাদায়ে আরও ৩ মাস অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে বিচারক এদিনের নির্দেশে জানিয়েছেন।
জানা গেছে, পেনশন চালু করতে ৫ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন দোষী সাব্যস্ত ব্যাঙ্ক ম্যানেজার। সিবিআই সূত্রে খবর, বীরভূমের সাঁইথিয়ার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায় ২০১৫ সালে ম্যানেজার ছিলেন শরৎচন্দ্র। জনৈক প্রণয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি ৫ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। এরপরেই বিষয়টি নিয়ে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায় যোগাযোগ করে অভিযোগ দায়ের করেন প্রণয়। সেই অভিযোগ পেয়ে ফাঁদ পেতে ২০১৫ সালের ১৩ মে ব্যাঙ্ক ম্যানেজারকে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করে। পরে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগকারী জানান, তাঁর বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি মারা যান। নিয়ম মতো তার মৃত্যুর পরে পেনশন পাওয়ার কথা ছিল তাঁর মায়ের। সেই পেনশন চালু করার জন্য অভিযোগকারী প্রণয় মুখোপাধ্যায়ের কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন ব্যাঙ্ক ম্যানেজার শরৎ চন্দ্র। সিবিআই, ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে। সাক্ষী ও তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হন ব্যাঙ্ক ম্যানেজার।