দ্য ওয়াল ব্যুরো: আজ বকরি ইদ। করোনা আবহে দেশ জুড়ে উৎসব পালিত হচ্ছে। তবে মাথায় রাখতে হচ্ছে বিধিনিষেধও। মূলত ঘরোয়া পদ্ধতিতেই বকরি ইদ পালন করছেন মানুষ।
ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই বকরি ইদ বা ইদ-উল-আদাহ। এটি কুরবানির উৎসব, বৃহৎ ইদ বা ইদ কুরবান নামেও পরিচিত। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ মাসের দশম দিনে এই বকরি ইদ পালিত হয়।
সকাল সকাল ইদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, 'ইদ মুবারক। ইদ-উল-আদাহতে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। এই দিনটা বৃহত্তর স্বার্থে সম্মিলিত ঐক্য ও সহানুভূতির আবহ তৈরি করুক, এই কামনা করি।
https://twitter.com/narendramodi/status/1417678902722318340?s=08
বকরি ইদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি লিখেছেন, সমস্ত সহনাগরিককে ইদ মুবারক। এটা ত্যাগ, বলিদানের ভাবনার প্রতি সম্মান জানানোর দিন। সমাজে ঐক্য স্থাপনের জন্য একসঙ্গে মিলেমিশে কাজ করার দিন। আসুন আমরা সবাই কোভিড ১৯ গাইডলাইন মেনে চলি আর সকলের মঙ্গলের জন্য একসঙ্গে মিলে কাজ করি।
https://twitter.com/rashtrapatibhvn/status/1417658227961991174?s=08
গত বছর কোভিড আবহেই কেটেছিল বকরি ইদ। এবারও ছবিটা বিশেষ বদলায়নি। কলকাতা শহরের নানা প্রান্তেও ইদ পালন করতে দেখা যাচ্ছে। নির্দিষ্ট সামাজিক দূরত্ববিধি মেনেই ইদের নামাজ পড়ছেন মানুষ।
তবে ইদের শুভেচ্ছা বেশিরভাগটাই ডিজিটাল। এবার দিল্লির আকাশ মেঘলা থাকায় জামা মসজিদ থেকে চাঁদ দেখা যায়নি। তবে, লখনউয়ের মরকাজি চাঁদ কমিটি ফরঙ্গি মহলির মৌলানা খলিদ রশিদ জানান, সেখান থেকে জুল হিজ্জা চাঁদ দেখা গিয়েছে। চাঁদ দেখার দশ দিন পর বকরি ইদ হয়। সেই হিসেব মতোই আজ ইদ পালন করা হচ্ছে।