দ্য ওয়াল ব্যুরো: 'বলিদানি রামভক্ত মার্গ'। নয়ের দশকের গোড়ায় মুলায়ম সিং যাদবের জমানায় রামমন্দির আন্দোলনে পুলিশের গুলিতে নিহত করসেবকদের স্বীকৃতি দিতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার তাদের নামে রাস্তার এমন নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। উত্তরপ্রদেশের যারা করসেবা করতে গিয়ে গুলি খেয়েছিল, তাদের শহিদ বলে বিজেপি। রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য্য অযোধ্যা সফরে গিয়েছেন সেখানকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করতে। তার ফাঁকেই করসেবকদের নামে রাস্তার নাম বলিদানি রামভক্ত মার্গ হবে বলে ঘোষণা করেন তিনি। জানিয়েছেন, ওই রাস্তা ধরে করসেবকদের বাড়ির দিকে যাওয়া যাবে। তাদের নাম, ছবি থাকবে ফলকে।
ঘটনা হল, সেদিন দেশের নানা রাজ্য থেকে করসেবা করতে অযোধ্যা গিয়েছিল রামমন্দির তৈরির সমর্থকরা। পুলিশের গুলিতে নিহতদের মধ্যে ছিল কলকাতার দুজন। দু ভাই রাম কোঠারি, সরোজ কোঠারি।
কেশব বলেন, ১৯৯০ এ করসেবকরা অযোধ্যায় এসেছিলেন রামলালার দর্শন করতে। তত্কালীন সমাজবাদী পার্টি সরকারের পুলিশ নিরস্ত্র রামভক্তদের ওপর গুলি চালিয়েছিল। অনেকে মারা গিয়েছিলেন। আমনি ঘোষণা করছি, এই করসেবকদের নামে রাস্তা তৈরি হবে রাজ্যে।
এছাড়া, ঘরে, বাইরে শত্রুর মোকাবিলায় প্রাণ দেওয়া সেনা জওয়ান, পুলিশকর্মীদের সম্মানে জয় হিন্দ বীর পথ তৈরির সিদ্ধান্তও ঘোষণা করেন উপ মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ১৯৯০ এ প্রাক্তন বিশ্ব হিন্দু পরিষদ নেতা অশোক সিঙ্ঘলের ডাকে অযোধ্যায় জড়ো হয় করসেবকরা। তত্কালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব অশান্তি সামলাতে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেন। সরকারি মতে, ১৬ জন মারা যায়। যদিও সংখ্যাটা অনেক বেশি বলে দাবি বিজেপির।
১৯৯১এ নির্বাচনে বিজেপির কাছে হেরে যান মুলায়ম। বেশ কয়েক বছর পর তিনি বলেন, দেশের ঐক্য, সংহতি রক্ষায় যদি আরও বেশি লোককে মারার প্রয়োজন হত, নিরাপত্তা বাহিনী তাই করত। করসেবকদের ওপর গুলি চালানোর নির্দেশের স্বপক্ষে তিনি অবশ্য পরে বলেছিলেন, সিদ্ধান্তটা ‘যন্ত্রণাদায়ক’ হলেও দেশের ‘স্বার্থে’ নিতে হয়েছিল তাঁকে।