
সবুজ রঙের রাস্তা
শেষ আপডেট: 15 November 2024 17:06
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সবুজে ঘেরা ঘনজঙ্গলের ভিতরে সবুজ রাস্তা। ঠিক যেন ঘাসের কার্পেট বিছানো রয়েছে রাস্তায়। এই সবুজ রঙের রাস্তার উপর দিয়ে দলবেঁধে হেঁটে যাচ্ছে কচিকাঁচা পড়ুয়ারা।
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে এমনই সবুজ রঙের রাস্তা তৈরি করে এলাকার মানুষকে চমকে দিয়েছে আউশগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চম রাজ্য অর্থ কমিশনের বরাদ্দের টাকায় অমরপুর পঞ্চায়েত এলাকার কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এসটি পাড়া পর্যন্ত গ্রিন সিল-সহ বিটুমিন রাস্তা তৈরি করা হয়েছে। এর জন্য খরচ হয়েছে প্রায় ৫ লক্ষ ৬৬ হাজার টাকা।
জানা গিয়েছে পিচের রাস্তা তৈরির পর তার উপরে দেওয়া হয়েছে প্লাস্টিকের প্রলেপ। একদিকে এই প্রলেপ যেমন পিচকে বৃষ্টির জল থেকে রক্ষা করছে অন্যদিকে রঙিন রাস্তা শোভাও বাড়াচ্ছে। সবুজ রঙের পথে হাঁটতে বেরিয়ে খুশি উপচে পড়ছে কচিকাঁচাদের মুখে। বড়রাও আনন্দিত। আউশগ্রামের গেড়াই গ্রামের বাসিন্দা যুব তৃণমূল কর্মী সেখ সঞ্জু বলেন," কালিকাপুর ঐতিহ্যবাহী একটি জায়গা। এখানে ছ'শোর বেশি সিনেমার শ্যুটিং হয়েছে। অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। তাই এই অভিনব রাস্তা নতুন মাত্রা দিয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের একটা ছবি।"
আউশগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস জানিয়েছেন, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল গলিয়ে পিচের সঙ্গে মিশিয়ে এই গ্রিন সিল কোড তৈরি করা হয়েছে। এতে রাস্তার স্বাস্থ্য যেমন ভাল থাকবে, তেমনই দৃষ্টিনন্দনও হবে।