
শেষ আপডেট: 13 October 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পুজো প্যান্ডেলে সামনে চলল গুলি! এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আসানসোলে। ভাইরাল সেই ঘটনার সিসিটিভি ফুটেজ।
ডিপুপাড়া দুর্গামন্দিরে কাছে একটি পুজো হয়। শনিবার রাতে সেখানে বেশ ভিড় ছিল। ওই পুজো মণ্ডপের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে।
স্থানীয়দের অভিযোগ, এলাকার এক যুবক রাজু দাস এদিন গুলি চালিয়েছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে, যে রাজু প্যান্ডেলে কাছে ভিড়ের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল।
ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে গিয়েছে অভিযুক্ত রাজু। অভিযোগ, শনিবার গভীর রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত ডিপুপাড়া দুর্গা মন্দিরের মেলা প্রাঙ্গণের সামনে মেলায় এক দোকানদারের সঙ্গে সামান্য জিনিস কেনাকে কেন্দ্র করে রাজুর ঝামেলা হয়। কোন কথা না শুনে রাজু দাস নিজের কোমর থেকে বন্দুক বের করে শুন্যে কয়েক রাউন্ড গুলি চালায়।
রবিবার সকাল থেকে পুজো প্রাঙ্গণে লোকজন বেশি দেখা যায়নি। মেলাও বসেনি। এলাকায় পুলিশ ঘোরাঘুরি করছে। আসানসোল উত্তর থানা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।