দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের সদ্যপ্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের স্মরণে আলিগড়ের বিজেপি নেতারা স্থানীয় নবনির্মিত মিনি বিমানবন্দরের নামকরণ তাঁর নামে করার যে দাবি করেছেন, তাতে কি সিলমোহর দিচ্ছেন যোগী আদিত্যনাথ? প্রয়াত বিজেপি নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যে এ নিয়ে জল্পনা চলছে। এ নিয়ে ক্যাবিনেটে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যোগী।
‘তিনি দেশের রামভক্ত বলে খ্যাত। বিমানবন্দর থেকে আলিগড়- উত্তরপ্রদেশের মানুষ তাঁকে গভীর শ্রদ্ধা করেন, ভগবান রামের কাছে প্রার্থনা করব, ওনার স্বপ্নপূরণে আমাদের যেন শক্তি দেন’, বলেন তিনি। যোগী বলেন, আমরা কল্যাণ সিংজির দেহাবশেষ তাঁর নিজের শহর আলিগড়ে নিয়ে এসেছে, যাতে তাঁর অনুগামীরা শেষবারের মতো তাঁকে শ্রদ্ধা জানাতে পারেন। বছরের পর বছর আলিগড়ের জনগণের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর।
প্রসঙ্গত, কল্যাণ সিংহ মুখ্যমন্ত্রী থাকাকালেই ১৯৯২ এর ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ। করসেবকরা সৌধ গুঁড়িয়ে দেওয়ার কয়েক ঘন্টা পরই তার নৈতিক দায় নিয়ে ইস্তফা দিয়েছিলেন তিনি।
শনিবার তাঁর মৃত্যুর আগেও যোগী তাঁকে দেখতে গিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। কল্যাণের ডায়ালিসিস চলছিল, রাখা হয়েছিল ভেন্টিলেটরে।
এদিকে অযোধ্যার রাম জন্মভূমি যাওয়ার রাস্তার নাম প্রয়াত মুখ্যমন্ত্রীর নামে করা হবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য্য। অযোধ্যার পাশাপাশি লখনউ, প্রয়াগরাজ, বুলন্দশহর, আলিগড়েও একটি করে রাস্তার নামকরণ তাঁর নামে হবে বলে জানা গিয়েছে। প্রয়াত নেতার প্রতি এটাই তাঁদের শ্রদ্ধার্ঘ্য।