
পথেই ফুরিয়ে গেল অ্যাম্বুল্যান্সের অক্সিজেন, রাস্তায় রোগীর মৃত্যুতে কাঠগড়ায় রেল হাসপাতাল
শেষ আপডেট: 29 August 2024 19:30
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর থেকে আসানসোলের দিকে রোগীকে নিয়ে আসার সময়ে মাঝে রাস্তায় ফুরিয়ে গেল অ্যাম্বুল্যান্স রাখা অক্সিজেন। তাতে মৃত্যু হল রোগীর। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতাল ও তার অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে।
দুর্গাপুরের কাঁকসায় বাসিন্দা অমূল্য দাস। বৃহস্পতিবার তিনি অসুস্থবোধ করা পরিবারে লোক অমূল্যবাবুকে নিয়ে পানাগড় রেল হাসপাতালে যান। সেখানে চিকিৎসার পর ডাক্তারবাবুরা পরিবারকে আসানসোল জেলা হাসপাতালে রোগীকে স্থানান্তরিত করতে বলেন। হাসপাতালের অ্যাম্বুল্যান্সে অমূল্যবাবুকে নিয়ে আসানসোলের দিকে পাড়ি দিয়েছিলেন পরিবার। পানাগড়ের দার্জিলিং মোড়ের পরিবারের সদস্যরা লক্ষ্য করেন সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে গিয়েছে। অ্যাম্বুল্যান্সের চালককে এই বিষয়ে জানানো হলে তাতে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। অ্যাম্বুল্যান্সে নিয়ে ছুটতে থাকে। কিন্তু রোগীর অবস্থার আরও অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা চাপ দিলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে অমূল্য দাসকে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ অ্যাম্বুলেন্সে চাপানোর সময় তারা রেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং নার্সকে অ্যাম্বুল্যান্স সিলিন্ডারে অক্সিজেন আছে কিনা সেই বিষয়ে বারবার জিজ্ঞাসা করেছিলেন। ঠিকঠাক আছে বলে হাসপাতালে তরফ থেকে জানানো হয়। পরিবারের প্রশ্ন, যদি সব ঠিকই থাকলে তবে পানাগড় থেকে বেরোনোর আগেই সিলিন্ডারের অক্সিজেন কীভাবে শেষ হয়ে যায়? শুধুমাত্র অক্সিজেনের অভাবে একজন মানুষের মৃত্যু হয়েছে।
গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে রেল হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। যদিও এই বিষয়ে হাসপাতালের তরফ থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।