
বর্ধমান মেডিক্যালে পুলিশ কর্তারা
শেষ আপডেট: 17 October 2024 18:58
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সুপ্রিমকোর্টের নির্দেশের পরই নড়েচড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা পুলিশের তিন পদস্থ আধিকারিক।
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেন, স্কুল ও হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলান্টিয়ার রাখা যাবে না। রাজ্যকে হলফনামায় নিশ্চিত করতে হবে কোনও স্কুল এবং হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে সিভিক ভলান্টিয়ার রাখা হয়নি। এমনকী কোনও থানা এবং তদন্তের সঙ্গে জড়িত কোথাও সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়নি, তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরই রাজ্যের অন্যান্য হাসপাতালের পাশাপাশি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেও নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারদের সরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল, ডিএসপি-ডিআইবি ধীরেন্দ্র পাঠক ও বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে তারা হাসপাতাল চত্বরের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন।নিরাপত্তা ব্যবস্থা কীভাবে আরও আঁটোসাটো করা যায় সেই বিষয়েই আলাপ আলোচনা করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি বলেন, "হাসপাতাল থেকে সিভিক ভলান্টিয়ার আগেই সরিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে কোনও সিভিক ভলান্টিয়ার নেই। আগে থেকেই হাসপাতালে পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে। এমনিতেই হাসপাতাল চত্বরে স্থায়ী পুলিশ ক্যাম্প আছে।"
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কমবেশি ৫০ জনের মতো সিভিক ভলান্টিয়ার। এখন আদালতের নির্দেশ মানতে গিয়ে তাঁদের পরিবর্তে এত পুলিশ কর্মী কোথায় মিলবে সেই নিয়েও চিন্তিত পুলিশ।
তবে এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, "আমরা নিরাপত্তার বিষয়টিতে জোর দিয়েছি। আগে থেকেই হাসপাতালে পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে।"