
শিশু চুরির গুজবে পুলিশের চার্জ
শেষ আপডেট: 19 June 2024 20:09
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শিশুচুরির সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বারাসতে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কামাখ্যা মন্দির এলাকার সত্যনারায়ণ পল্লিতে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এক মহিলা অটোতে উঠছিলেন। সেই সময়ে তাঁকে শিশু চোর বলে সন্দেহ করেন অনেকে। অভিযোগ, গুজব রটতেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়েন অনেকে। কিছু না শুনেই টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে বেদম মারধর করতে থাকে কয়েকজন। মহিলার সঙ্গে একজন ছিলেন। তিনিও গণধোলাই থেকে রেহাই পাননি। খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ওই দুজনকে তাদের হাতে তুলে দিতে বললে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৯ জুন সন্ধেয় বারাসতের একটি এলাকা থেকে নিখোঁজ হয়ে গেছিল ১১ বছরের এক নাবালক। তারপরে সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পরেও বারাসাত থানা এবং রেল পুলিশের কাছে মিসিং ডায়েরি করেছিল পরিবার। পাঁচদিন পর অর্থাৎ ১৪ জুন বাড়ির অদূরে একটি শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় কিশোরের পচা গলা দেহ উদ্ধার হয়। সেই ঘটনা থেকেই বারাসত জুড়ে শিশু চুরির গুজব রটে। এই গুজবে অনেকসময়ই অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।
এই ঘটনার পরেই পুলিশের তরফ থেকে মাইকিং করে শিশুচুরির গুজব রটানো নিয়ে স্থানীয়দের সতর্ক করা হয়। গুজব ছড়ালে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ।
বারাসতের কামাখ্যা মন্দির এলাকায় সেন্ট্রাল মডেল স্কুলের কয়েকটি বাচ্চা চুরি হয়েছে বলে গুজব ছড়ায়। সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বারাসত কামাখ্যা মন্দির এলাকায়। গুজব ছড়ানো ও মোবাইলে মহিলাকে হেনস্থা করার ছবি তোলার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। যদি বারাসত পুরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্তের দাবি, শিশু চুরির গুজব ছড়িয়েছে বিরোধীদলের কর্মীরা। তাদের শনাক্ত করার কাজ চলছে।