
শেষ আপডেট: 18 January 2024 21:17
দ্য ওয়াল ব্যুরো, বাকুঁড়া: ৪৮ ঘন্টার মধ্যে ফের হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ায়। এবারও ঘটনাস্থল সেই বড়জোড়া ব্লকের হরিচরণডাঙ্গা। বুধবার মাঝরাতে সেখানেই প্রাণ গেল এক তরুণীর। এদিন মামনি ঘোড়ুই নামে এক বছর চব্বিশের তরুণী শৌচকর্ম করতে গিয়ে হাতির হানার মুখে পড়েন। তখনই শুঁড়ে পেঁচিয়ে শূন্যে তুলে আছাড় মারে গজরাজ। ঘটনাস্থলেই তরুণীর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ঘুম থেকে উঠে শৌচকর্ম করতে বাড়ির বাইরে গিয়েছিলেন মামনি। সেসময়েই জঙ্গল থেকে গ্রামে ঢুকেছিল চারটি হাতি। একেবারে বাড়ির উঠোনে চলে আসে হাতির দল। ঘুম চোখে কিছু বুঝে ওঠার আগেই একটি হাতি শুঁড়ে করে মামনিকে আছাড় মারে। তরুণীকে প্রায় ৩০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায়।
মামণির আর্তনাদ শুনে গ্রামবাসীরা বেরিয়ে আসে। এরপরই হাতিগুলি গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আহত তরুণীকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার বড়জোড়া ব্লকের গোপবান্দী এলাকায় হাতির হানায় এক বৃদ্ধের মৃত্যু হয়। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ফের হাতির হানায় একই জায়গায় আরও একজনের প্রাণ গেল। পর পর দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে। কিন্তু বন দফতর হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না।