
শেষ আপডেট: 27 March 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নির্বাচনী প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীকেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি বলেন, 'কেন্দ্রীয় বাহিনীকে ফুল দিয়ে স্বাগত জানাব। কিন্তু গুলি চালালে ফল অন্যরকম হবে।' তৃণমূল প্রার্থীর এমন মন্তব্যে বাঁকুড়ায় চর্চা শুরু হয়েছে। বিজেপির পাল্টা মন্তব্য, 'তৃণমূল প্রার্থীর কি আইন শৃঙ্খলা নষ্ট করার কোনও পরিকল্পনা রয়েছে, সে কারণেই কি তিনি এমন হুমকি দিয়ে রাখছেন?'
পশ্চিমবঙ্গে এবার ৭ দফায় লোকসভা নির্বাচন হবে। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট। রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই ১৫০ কোম্পানি সেনা পাঠানো হয়েছে। প্রথম দফার প্রায় একমাস আগে থেকেই জায়গায় জায়গায় শুরু হয়েছে রুট মার্চ। মঙ্গলবারই কমিশন জানিয়েছে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রতিদিন আপডেট করা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে প্রতিদিন কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাহিনীর কর্তাদের। এই নির্দেশিকা জারি হওয়ার পরেই কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।
অরূপবাবু মঙ্গলবার সন্ধেবেলায় মেজিয়ায় প্রচারে গেছিলেন। সেখানে তিনি বলেন, 'কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাব। শান্তি শৃঙ্খলা রক্ষা করুন। কিন্তু গুলি চালাবেন না। গুলি চালালে ফল অন্যরকম হবে।' তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি।
বিজেপি প্রার্থী সুভাষ সরকারের প্রতিক্রিয়া, 'কেন্দ্রীয় বাহিনী অযথা কেন গুলি চালাতে যাবে? তাহলে কি তৃণমূল প্রার্থী অন্যান্য নির্বাচনের মতো আইন শৃঙ্খলা নষ্ট করার পরিকল্পনা করে রেখেছেন?'