
শেষ আপডেট: 19 January 2024 20:29
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: শীতের দুপুরে দ্বারকেশ্বর নদের চর থিক থিক করছে ভিড়। মুড়ি মাখার গন্ধে ম ম করছে চারিদিক। মাটিতে শতরঞ্চি বা কাগজ পেতে চানাচুর, নারকেল, পেঁয়াজ, শসা, কাঁচা, লঙ্কা, ধনে পাতা তেল দিয়ে চলছে মুড়ি মাখা। সঙ্গে আলুরচপ, পেঁয়াজি, সিঙারা রয়েছে। রসিয়ে চলছে খাওয়া দাওয়া। যেন পিকনিকের মেজাজ। এটাই বাঁকুড়ার মুড়ি মেলার বিশেষত্ব।
প্রতি বছর মাঘ মাসের ৪ তারিখে বাঁকুড়ার কেঞ্জাকুড়া দ্বারকেশ্বর নদের সঞ্জীবনী ঘাটে চলে এই মেলা। হাজার হাজার মানুষ নদীর চরে ভিড় করেন। এরপর নদীপাড়ে বসে চলে খাওয়া দাওয়া।
মুড়ির সঙ্গে লালমাটির দেশ বাঁকুড়ার একটা নিবিড় যোগ রয়েছে। ইতিহাস বলছে, সঞ্জীবনী আশ্রমে এক সাধক ছিল। তাঁর সুরেলা কণ্ঠে হরিনাম সংকীর্তন শুনতে দূরদূরান্ত থেকে এখানে ছুটে আসতেন অনেকেই। রাতভোর নাম সংকীর্তন দেখে ফেরার পথে দ্বারকেশ্বর নদের পাড়ে বসে মুড়ি খেয়ে বাড়ি ফিরতেন। সেই থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠে কেঞ্জাকুড়া দ্বারকেশ্বর নদের মুড়ি মেলা। কেঞ্জাকুড়া ছাড়াও ১৫ থেকে ২০টি গ্রামের মানুষ এই দিন ভিড় করেন মুড়ি মেলায়। মাঠে বসে নানান লোভনীয় উপকরণ মুড়ি মেখে খাওয়া দাওয়া করেন। সঙ্গে চলে গল্পগুজব। আর সেলফি তোলা তো আছেই।
শুক্রবার সকাল থেকেই মুড়ি মাখার গন্ধে ভরে গেছিল সঞ্জীবনী দ্বারকেশ্বর নদের ঘাট।