
শেষ আপডেট: 4 January 2024 15:52
দ্য ওয়াল ব্যুরো: গড়িয়ার পর এবার বালিগঞ্জ। বাড়ির ভিতর থেকে উদ্ধার হল এক ব্যাঙ্ককর্মীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ। পাশের ঘরেই ঘুমিয়ে ছিল তাঁর দুই সন্তান। বৃহস্পতিবার সাতসকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এদিন সকালে বালিগঞ্জের ডোভার পার্ক এলাকায় একটি বাড়ির ভিতর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার স্বামী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক বলে জানা গেছে। ওই ব্যাঙ্কেরই কোয়ার্টারে থাকত পরিবারটি। স্বামী স্ত্রী ছাড়াও ছিল দম্পতির দুই শিশু সন্তান।
এদিন যখন মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়, সেই সময় তাঁর স্বামী সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে দুই সন্তানই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তদন্তকারীদের অনুমান, সন্তানদের ঘুম পাড়িয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। তবে এর পিছনে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি আত্মহত্যা, নাকি খুন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার গড়িয়া স্টেশন সংলগ্ন বালিয়ার একটি ফ্ল্যাট থেকে বাবা-মা ও তাঁদের ছেলের মৃতদেহ উদ্ধার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বাড়ির ভিতর থেকে পচা গন্ধ বেরোতে দেখে প্রতিবেশীরাই খবর দেন থানায়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধ দম্পতি ও তাঁদের ৩৯ বছরের ছেলে সুমন রাজ ওই বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারটি আর্থিক সংকটের মধ্যে ছিল বলে জানা গেছে। কিছুদিন আগে একটি ফেসবুক লাইভে বাবা মাকে শেষ করে দিয়ে আত্মহত্যা করার ইঙ্গিত দিয়েছিলেন সুমন। তদন্তকারীদের অনুমান, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তবে এটি সপরিবারে আত্মহত্যা করার ঘটনা, নাকি বাবা মাকে খুন করে সুমন নিজে আত্মঘাতী হয়েছেন, তা স্পষ্ট নয়।