
শেষ আপডেট: 1 April 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। আর নতুন অর্থবর্ষের গোড়াতেই মাসের অর্ধেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেশের সমস্ত সরকার অধীনস্থ ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকায় এপ্রিলে ব্যাঙ্ক বন্ধের বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে। আজ, ১ এপ্রিল সোমবারও ব্যাঙ্ক হলিডে।
এরপর বাবু জগজীবন রামের জন্মদিন এবং জুমাত-উল-বিদার জন্য একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে ৫ এপ্রিল। ৭ এপ্রিল- রবিবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর ৯ এপ্রিল গুড়ি পর্ব, উগাদি উৎসব, তেলেগু নববর্ষের দিন এবং প্রথম নবরাত্র উপলক্ষে বহু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১১ এপ্রিল সারা দেশে অনেক ব্যাঙ্ক বন্ধ থাকবে, কিন্তু চণ্ডীগড়, গ্যাংটক, ইম্ফল, কোচি, সিমলা, তিরুবনন্তপুরমের ব্যাঙ্কগুলি খোলা থাকবে।
১৫ এপ্রিল বাংলায় নববর্ষ হওয়ায় সেদিনও ব্যাঙ্ক হলিডে। এছাড়া হিমাচল দিবসের কারণে গুয়াহাটি এবং সিমলার ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ এপ্রিল রাম নবমী উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, কানপুর, লখনউ, পাটনা, রাঁচি, সিমলা, মুম্বই এবং নাগপুরে ব্যাঙ্ক খুলবে না। ২০ তারিখ গড়িয়া পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
প্রতি মাসের রবিবার, দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। এপ্রিলেও তার ব্যতিক্রম হবে না। পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া আরও ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেগুলি হল, ১০ ও ১১ এপ্রিল ইদ এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ও আম্বেদকরের জন্মদিন।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকেরা মোবাইল বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারেন। নগদ তোলার জন্য এটিএম ব্যবহার করতে পারেন। এছাড়া ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করা যাবে।