
শেষ আপডেট: 17 October 2023 19:25
দ্য ওয়াল ব্যুরো: কেঁচো খুঁড়তে কেউটে! নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে জেলবন্দি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর স্কুলের হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। ১০০ বছরের পুরনো ওই সরকারি স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় নিয়ন্ত্রণও মানিক এবং তাঁর ছেলে সৌভিকের নিয়ন্ত্রণেই থাকত বলে মঙ্গলবার আদালতে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
এদিন ইডির তরফে সংশ্লিষ্ট স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, লেনদেন সহ যাবতীয় নথি আদালতে জমা দেওয়া হয়। আদালতে ইডির আইনজীবীর দাবি, “রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে মানিক ও তার ছেলে স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন। এবিষয়ে একজন সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে। মিলেছে একাধিক তথ্য। নতুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে লেনদেন চাওয়া হয়েছে।”
পাল্টা হিসেবে মানিক পুত্র সৌভিকের আইনজীবী আদালতে দাবি করেন, “স্কুলের শতবর্ষ অনুষ্ঠানে ১ লক্ষ টাকা দিয়েছিলেন সৌভিক। এছাড়া তাঁর সঙ্গে ব্যাঙ্কের লেনদেনের কোনও সম্পর্ক নেই।”
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডির কাছে জানতে চান, “আপনারা যদি অভিযুক্তকে নিয়ে এত সতর্ক হয়ে থাকেন, তাহলে আগে কেন বাজেয়াপ্ত টাকার বাইরে বাড়তি আর্থিক লেনদেন দিক খুঁজে দেখেননি?”
ইডির পাল্টা দাবি, স্কুলের প্রসঙ্গে মানিক বা তাঁর ছেলে এই বিষয়ে কোনও ধরনের সহযোগিতা করেননি। সম্প্রতি স্কুলের একাংশের সহযোগিতাতেই একাধিক তথ্য তাঁরা জানতে পেরেছেন। একজনকে ইতিমধ্যে সমন পাঠানো হয়েছে। তাকে এই সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরই স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক তথ্য আদালতে জমা দেয় ইডি। আগামীকাল বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে।