বাংলাদেশ সীমান্তে জালনোট মাফিয়াদের দৌরাত্ম্য কতটা গভীর! এদিনের ঘটনায় ফের সামনে এল এই প্রশ্ন।

ফাইল ছবি।
শেষ আপডেট: 1 December 2025 16:06
দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার ভারত–বাংলাদেশ সীমান্ত (Bangladesh, Nadia border) আবারও জালনোট চক্রের সক্রিয়তার ইঙ্গিত দিল। সোমবার ভোরেই ইছামতী নদীর ধারে সন্দেহজনক নড়াচড়া দেখে সতর্ক হয় বিএসএফ (BSF)। আর তাতেই গা-ঢাকা দেয় পাচারকারীরা। তাঁদের ফেলে যাওয়া প্যাকেট থেকে উদ্ধার হয় ৫০০ টাকার ব্যাগভর্তি জালনোট (Large amount of fake RS 500 notes recovered), মোট অঙ্ক ৩ লক্ষ ৮ হাজার টাকা।
সকাল সাড়ে ছ’টা নাগাদ ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির জওয়ানদের চোখে পড়ে দুই ব্যক্তির নড়েচড়ে ওঠা। বাংলাদেশের দিক থেকে তাঁরা এগোচ্ছিলেন সীমান্তের দিকে। বিপদ টের পেয়ে চোরাকারবারীরা মুহূর্তে সটকে পড়ে।
ঘন জঙ্গল পেরিয়ে ইছামতী নদী বেয়ে ফের বাংলাদেশের দিকে পালায় তারা। এরপর পুরো এলাকা ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানরা। তল্লাশিতে মেলে একটি প্লাস্টিকের প্যাকেট। খুলতেই চোখ কপালে—৬১৬টি ৫০০ টাকার নোট! পরক্ষণেই ধরা পড়ে, সবকটিই জাল।
বিএসএফের প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে, উদ্ধার হওয়া নোটগুলির সবটিই নকল। পরে সেগুলি আইনি প্রক্রিয়ার জন্য তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরের হাতে।
বিএসএফ-এর মুখপাত্র বলেন, “জালনোটের কারবার দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। সীমান্ত দিয়ে কোনও অবৈধ কার্যকলাপই মেনে নেওয়া হবে না।” নদিয়া সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সীমান্তে জালনোট মাফিয়াদের দৌরাত্ম্য কতটা গভীর! এদিনের ঘটনায় ফের সামনে এল এই প্রশ্ন।