দ্য ওয়াল ব্যুরো : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানি হল বুধবার। নাজিমুদ্দিন রোডের পুরানো কারাগারে স্থাপিত হয়েছে অস্থায়ী আদালত। সেই আদালতে হাজির করা হয় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে। তিনি বলেন, এখানে ন্যায়বিচার নেই। যা ইচ্ছা সাজা দিতে পারেন। যত ইচ্ছা সাজা দিতে পারেন। আমি অসুস্থ। বার বার আদালতে আসতে পারব না।
এদিন আদালতে বিচারক আসেন বেলা ১১টায়। হুইলচেয়ারে বসিয়ে খালেদাকে আনা হয় বেলা সোয়া ১২ টা নাগাদ। তিনি বলেন, আমার বাঁ পা ফুলে গিয়ে প্রায় অবশ হয়ে গিয়েছে। বাঁ হাতের অবস্থাও তাই।
মাত্র একদিনের নোটিশে স্পেশ্যাল কোর্ট গঠন করে খালেদার বিচার শুরু হয়েছে। তা নিয়েও খালেদা ক্ষোভপ্রকাশ করেন। অভিযোগ, তিনি যে প্রবীণ আইনজীবীদের নিয়োগ করেছিলেন, তাঁদের কাউকে নোটিশ পৌঁছে দেওয়া হয়নি।
জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে জেলে আছেন খালেদা। তিনি অসুস্থ বলে তাঁকে আদালতে আনা যায়নি। শেষপর্যন্ত তাঁর জন্য জেলের মধ্যেই আদালত বসানো হয়েছে। বুধবার শুনানি শেষ হয় বেলা পৌনে একটা নাগাদ। ফের শুনানি হবে ১২ ও ১৩ সেপ্টেম্বর।