
ফাইল ছবি।
শেষ আপডেট: 24 December 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: মাছ ধরতে গিয়ে সীমা লঙ্ঘন! তারই জেরে অশান্ত বাংলাদেশের জেলে আটকে রয়েছেন কাকদ্বীপের ছ’টি ট্রলারেরর ৯৫ জন মৎস্যজীবী। দু'মাস পরেও তাঁদের মুক্তি মেলেনি। এরই মধ্যে পশ্চিমবঙ্গে আটকে থাকা বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীকে মঙ্গলবার মুক্তি দিল বাংলা।
মঙ্গলবার কাকদ্বীপের বিডিও এবং কাকদ্বীপ থানার আইসির উপস্থিতিতে ডায়মন্ড হারবার মহকুমা সংশোধনাগার থেকে ওই ১২ জন মৎস্যজীবীকে বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, মাস দুয়েক আগে মাছ ধরতে গিয়ে ভুল করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল রাজ্যের ৬টি ট্রলার। সেগুলিতে কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী ছিলেন। তাদের সকলকেই বাংলাদেশের জেলে আটকে রাখা হয়েছে। এদিকে গত কয়েকমাস ধরেই বাংলাদেশের হিংসার পরিস্থিতি অব্যাহত। ফলে উদ্বেগে সংশ্লিষ্ট পরিবারগুলি।
এমন অবস্থায় আটকে থাকা মৎস্যজীবীদের উদ্ধারে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে চিঠিও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে কেন্দ্রের তরফে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীর মুক্তির পর শীঘ্রই রাজ্যের ৯৫ জন মৎস্যজীবীরও মুক্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে। তবে তা না হলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েও চর্চা শুরু হয়েছে প্রশাসনের অভ্যন্তরে।