
শেষ আপডেট: 11 September 2023 15:06
দ্য ওয়াল ব্যুরো: সকালের জলখাবারে প্রতিদিন নিত্যনতুন কি খাবার খাওয়া যায় তা এক চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় অনেকের কাছেই। জলখাবারে ওটস বা কলার মতো পুষ্টিকর উপাদান নিয়মিত মেনুতে রাখেন অনেকে। তবে প্রতিদিন একঘেয়ে দুধ দিয়ে ওটস, (oats) কলা (Banana) এবং ডিমসেদ্ধ দিয়ে জলখাবার খেতে গেলে সেই খাবার একঘেয়ে লাগতেই পারে। অথচ স্বাস্থ্য সচেতন বা ওজন কমাতে চান এমন মানুষদের পক্ষে ওটস বা কলা মেনু থেকে বাদ দেওয়া কোনও ভাবেই সম্ভব নয়।
একটি প্যানকেক বানাতে লাগছে ২ টি পাকা কলা, ২টি ডিম, ১ কাপ ওটস এবং সাজানোর জন্য লাগছে মধু, ভ্যানিলা, জাম, বাদাম।
প্যানকেক বানাতে প্রথমে একটি পাত্রে পাকা কলা, ডিম এবং ওটস নিয়ে ব্লেন্ডারে ভাল করে মিশিয়ে নিতে হবে। আগে একটি কড়াইকে গরম করে নিতে হবে। গরম করা পাত্রে তেল অথবা মাখন ঢালতে হবে পরিমাণমতো। এরপর এই পাত্রে ওটস, ডিম এবং কলার মিশ্রণটি ঢেলে দিতে হবে। প্রথমে একটা দিক ভাল করে ভাজতে হবে। মিশ্রণটির রং সোনালি বা বাদামী হয়ে এলে সাবধানে উল্টে দিতে হবে মিশ্রণটিকে। কয়েকবার এভাবে উল্টেপাল্টে ভেজে নিতে হবে প্যানকেকটিকে। এরপর প্যানকেকটিকে কড়াই থেকে নামিয়ে মধু, বাদাম, জাম দিয়ে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন কলার প্যানকেক।