দ্য ওয়াল ব্যুরো : সেই ২০০৪ সাল থেকে বল্লারি লোকসভা কেন্দ্রে টানা জিতে আসছে বিজেপি । কিন্তু মঙ্গলবার সকালে সেই কেন্দ্রের উপনির্বাচনের গণনা শুরু হতে দেখা গেল ভিন্ন ছবি । বিজেপির ভি শান্তাকে পিছনে ফেলে ক্রমেই এগিয়ে যাচ্ছেন কংগ্রেসের ভি এস উগরাপ্পা ।
বল্লারি অঞ্চলে কর্ণাটকে মাইনিং ব্যারন রেড্ডি ভাইদের যথেষ্ট প্রভাব আছে। তাঁরা বিজেপির সমর্থক বলে পরিচিত । সেখানকার সাংসদ ছিলেন বিজেপির স্ট্রংম্যান বলে পরিচিত বি শ্রীরামুলু । তিনি বিধানসভা ভোটে লড়াই করার জন্য ইস্তফা দেন । ভি শান্তা তাঁরই বোন ।
বিজেপির হাত থেকে বল্লারি ছিনিয়ে নেওয়ার জন্য ব্যাপক প্রচার চালিয়েছিল কংগ্রেস । রাজ্যে জেডি এস-কংগ্রেস জোটের যিনি প্রধান কারিগর, সেই ডি কে শিবকুমার এখানে প্রচারের দায়িত্বে ছিলেন ।
১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে বল্লারি কেন্দ্রের দিকে নজর ছিল সারা দেশের । কারণ এখানে প্রার্থী ছিলেন কংগ্রেসের তৎকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। বিপরীতে ছিলেন বিজেপির শীর্ষস্থানীয় নেত্রী সুষমা স্বরাজ । সেবার সুষমা পরাজিত হন । কিন্তু তার পরের বার থেকে এই আসনটি টানা জিতে এসেছে বিজেপি ।