যেন পরপর আগুনের গোলা ছুটে আসছিল! বলছেন বালাকোটের স্থানীয় বাসিন্দারা
দ্য ওয়াল ব্যুরো: ভোররাতে আচমকা ঘুম ভেঙে গেছিল তাঁদের। দুমদাড়াক্কা প্রবল আওয়াজে খান খান হয়ে গেছিল ঠান্ডা পরিবেশটা। যেন আগুনের গোলা ছুটে আসছে! কী হয়েছে ভাল করে বুঝে ওঠার আগেই, হঠাৎই সব চুপ। মঙ্গলবার ভোররাতে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্ম
শেষ আপডেট: 26 February 2019 11:52
দ্য ওয়াল ব্যুরো: ভোররাতে আচমকা ঘুম ভেঙে গেছিল তাঁদের। দুমদাড়াক্কা প্রবল আওয়াজে খান খান হয়ে গেছিল ঠান্ডা পরিবেশটা। যেন আগুনের গোলা ছুটে আসছে! কী হয়েছে ভাল করে বুঝে ওঠার আগেই, হঠাৎই সব চুপ। মঙ্গলবার ভোররাতে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ঢুকে আচমকা হামলা চালিয়ে জঙ্গিঘাঁটি নিকেশ করার ঘটনায় এমনটাই বলছেন বালাকোট-সংলগ্ন এলাকার সাধারণ বাসিন্দারা।
বালাকোটের পাহাড়ি এলাকায়, জাব গ্রামের এক বাসিন্দা মহম্মদ আদিল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এত জোরে বিস্ফোরণ ঘটে, যে কিছু ছোট ছোট টুকরো গ্রামেও ছিটকে এসেছে। প্রচণ্ড শব্দে খুব ভয় পেয়ে যায় সকলে। "ভোর তিনটে বাজে তখন। হঠাৎ খুব জোর শব্দ। পাঁচ-দশ মিনিটের ফারাকে আরও কয়েকটা। পরপর পাঁচটা হবে। কেঁপে কেঁপে উঠছিলাম আমরা। মনে হচ্ছিল যেন ঘরের ভেতরে বাজি ফাটাচ্ছে কেউ! যেন আগুনের গোলা ছুটে আসছে গ্রামের দিকে!"-- বলেন আদিল।
সকালের আলো ফোটার পরে আদিলরা গিয়েছিলেন বিস্ফোরণস্থলে। তিনি জানালেন, প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে, গুঁড়িয়ে মাটিতে মিশে গিয়েছে অনেক বাড়ি।
শুনে নিন, কী বলছেন ওঁরা।
https://www.youtube.com/watch?time_continue=2&v=An3Y9Go0PhE
বিদেশ মন্ত্রকের সচিব বিজয় গোখলে অবশ্য দাবি করেছেন, মঙ্গলবার ভোরের হামলায় শুধু জইশ ঘাঁটিই ওড়ানো হয়েছে। কোনও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হননি। জঙ্গিদের ঘাঁটিগুলি পাহাড়ি এলাকায় ঘন জঙ্গলের মধ্যে। ওখানে সাধারণ মানুষের ঘরবাড়ি নেই বলেই দাবি করেছেন তিনি।
বালাকোটের আর এক বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ওয়াজিদ শাহ-ও বলেছেন, বিস্ফোরণের শব্দে মাটি কেঁপে গেছে ভোর রাতে। যেন আগুনের গোলা ছুটে আসছিল গ্রামে। "মনে হচ্ছিল, কেউ রাইফেল থেকে গুলি চালাচ্ছিল পরপর। তিন বার খুব জোরে শব্দ শুনেছি আমি। তার পরেই সব শান্ত।"