
শেষ আপডেট: 29 October 2023 15:01
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এক পর এক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। এবার বাদুড়িয়াতে পাওয়া গেল বাকিবুরের সম্পত্তি। তার নামে প্রায় ২১০ কাঠা জমি রয়েছে সেখানে। এই সব জমিই এলাকাবাসীর কাছ থেকে জোরজবরদস্তি লিখিয়ে নিয়েছিল বাকিবুর, এমনটাই অভিযোগ।
বসিরহাট মহকুমার বাদুড়িয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ড। সেখানের জেলে পাড়ায় রয়েছে বাকিবুরের এই স্থাবর সম্পত্তি। এলাকাবাসীদের দাবি, এই জমি পুরনো মালিকদের কাছ থেকে কম পয়সায় লিখিয়ে নিয়েছে বাকিবুর।
এই এলাকার বাসিন্দা অরবিন্দবাবুর অভিযোগ, এলাকায় রাস্তার ধারে তাঁর দুই শতক জায়গা ছিল। বাকিবুর মস্তানবাহিনী দিয়ে সে জায়গা দখল করে নিয়েছে। প্রতিবাদ করলে, তাঁকে থানায় ডাকা হয়েছিল। সেখানে তাঁকে বলা হয়, জমির কোনও কাগজপত্র ঠিক নেই।
কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন অরবিন্দবাবু। তিনি জানিয়েছেন, চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। স্ত্রীর ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসার জন্য টাকার দরকার। কিন্তু সে টাকা কোথা থেকে জোগার করবেন ভেবে কূল পাচ্ছেন না।
এলাকার আরও এক বাসিন্দা রীতাদেবী জানিয়েছেন, তাঁরা এলাকায় দু'কাঠা জায়গা কিনে ছিলেন। সেখানে তাঁরা ঘরও তৈরি করেছিলেন। কিন্তু বাকিবুরের লোকজন এসে তাঁদের উপর চাপ তৈরি করছিল। পরবর্তীতে কিছু টাকা দিয়ে সেখান থেকে তাঁদের উঠিয়ে দেওয়া হয়। জবরদখল হয়ে যায় তাঁদের সেই জমি। রীতাদেবী আরও জানিয়েছেন, এলাকায় মিল তৈরির পরিকল্পনা ছিল বাকিবুরের। সেখানে রীতাদেবীর পরিবারের সদস্যদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বাকিবুর।
বেশ কয়েক বছর আগে ওই এলাকায় একটি ধান মজুত করার জন্য গোডাউন তৈরি হয়েছিল। সেখানে কয়েকটি ধানের দোকানও হয়েছে। বেশ কয়েক মাস ধরে সেটি বন্ধ রয়েছে। এলাকার মানুষের দাবি ওই গোডাউনের মালিকও বাকিবুর। যদিও এর কোনও সঠিক প্রমাণ এলাকাবাসীর কাছে থেকে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে বাদুড়িয়া ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অংশুমান দত্তকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বাকিবুর জমি কিনেছিলেন কিনা তিনি জানেন না। এখানে একটি গোডাউন তৈরি করা হয়েছে। সেই গোডাউনের মালিকের বাড়ি বেড়াচাঁপা দেগঙ্গার দিকে, এর বেশি কিছু তিনি বলতে পারবেন না।