
মানিক ভট্টাচার্য ও কুন্তল ঘোষ। ফাইল ছবি।
শেষ আপডেট: 22 October 2024 15:11
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় দুর্গা পুজোর আগে কলকাতা হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তাঁদের দেখানো পথে হেঁটে এবার হাইকোর্টে জামিনের আবেদন জানালেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ।
মঙ্গলবার হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে জামিনের মামলার দ্রুত শুনানির আবেদন জানান কুন্তলের আইনজীবী। আদালতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। জানা যাচ্ছে, আগামী ২৫ অক্টোবর মামলার শুনানি হতে পারে। ৩১ অক্টোবর কালীপুজো। তার আগে জামিন পেতে মরিয়া বহিষ্কৃত এই তৃণমূল নেতা।
২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে জেলে রয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম মাথা ছিল কুন্তল। নিয়োগ মামলায় কুন্তলের হাতে পাঁচ কোটি টাকা তুলে দিয়েছিল তাপস মণ্ডল। এছাড়াও কুন্তল নিজে চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে তিন কোটি টাকা তুলেছিল।
ওই টাকা কুন্তল কার কাছে পৌঁছেছিলেন, কতজন চাকরি প্রার্থী কুন্তলকে টাকা দিয়েছিলেন, পরে আদালতের নির্দেশে যে ৭১ জন চাকরি পেয়েছিল, কুন্তল তাঁদের কাছ থেকেও টাকা তুলেছিল বলেও আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এমনকি নিয়োগ দুর্নীতির নেপথ্যে কুন্তল কতটা প্রভাবশালী ছিল তা বোঝাতে এর আগে আদালতে সিবিআই আরও জানায়, অকৃতকার্য পরীক্ষার্থীদের চাকরি দিয়েছে পর্ষদ। ইন্টারভিউ হয়েছিল কসবা ডিপিএস সি ক্যাম্পাসে (সরকারি অফিসে)। এবং সেই ইন্টারভিউ নিয়েছিল কুন্তল।
প্রসঙ্গত, এর আগেও হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন কুন্তল। সেখানে খারিজ হওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন। তবে শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে হাইকোর্টে যেতে বলেছিল কুন্তলের আইনজীবীকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, চার সপ্তাহের মধ্যে হাইকোর্টকে এই মামলার ফয়সালা করতে হবে।
ফলে মানিক, জীবনকৃষ্ণদের দেখানো পথে কালীপুজোর আগে কুন্তলও জামিন পান কি না, তা নিয়ে কৌতূহলে তাঁর ঘনিষ্ঠমহল।