
শেষ আপডেট: 1 July 2023 12:13
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তাঁকে। তারপর ছেড়েও দেয় । অভিযোগ, হেফাজতে নাকি তাঁকে মারধর করা হয়। সেই অপমানে আত্মঘাতী হলেন বাগুইআটির এক যুবক! ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শনিবার।
ঘটনাটি ঘটেছে বাগুইআটির বিদ্যাসাগর পল্লিতে। সেই এলাকারই বাসিন্দা ঋত্বিক গুপ্তা। শহরের এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন তিনি। বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফেরার পথে বাগুইআটি এলাকায় কয়েকজন মিলে ঋত্বিককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ।
ঋত্বিকের বিরুদ্ধে অভিযোগ মহিলাদের শ্লীলতাহানি করতেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। যদিও ৩০ তারিখ অর্থাৎ শুক্রবার জামিনে মুক্তি পান তিনি। কিন্তু শনিবারই নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় মেলে ঋত্বিকের দেহ।
পরিবারের অভিযোগ, পুলিশ হেফাজতে ঋত্বিককে মারধর করা হয়েছে। সেই অপমানেই আত্মহত্যা করেছেন তিনি। বাগুইআটি থানার পুলিশ এসে ঋত্বিকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা।