
শেষ আপডেট: 9 December 2023 20:37
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রোজকার মতো শনিবার সকাল ৯টা ৩২ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারকেশ্বর লোকাল। চলন্ত ট্রেনের কামরা থেকে আচমকাই ভেসে এলে উলুধ্বনি, সানাইয়ের সূর। পাশের কামরায় থাকা যাত্রীরা গিয়ে দেখেন, চলন্ত ট্রেনে পাত পেড়ে খাওয়ানো হচ্ছে এক যুবককে। গোটা কামরা সাজানো হয়েছে ফুল, বেলুন দিয়ে।
খবর নিতেই জানা গেল, ধুতি-পাঞ্জাবি পরা সেই যুবকের নাম অতনু শাসমল। বাহিরখন্ডের বাসিন্দা আগামী ১৫ ডিসেম্বর অতনুর বিয়ে। তাই চলন্ত ট্রেনে অভিনব ভাবে আইবুড়ো ভাত খাওয়ালেন তাঁর সহযাত্রী বন্ধুরা। মাছ-মাংস, মিষ্টি সমেত প্রায় ১৯ রকমের পদ রেঁধে নিয়ে এসেছিলেন তাঁরা। ধুতি-পাঞ্জাবি পরিয়ে থালা সাজিয়ে দেন বন্ধুকে খাওয়ান। এমন আইবুড়ো ভাতের আয়োজন দেখে বেশ খুশি ট্রেনের বাকি যাত্রীরাও। তাঁরাও সামিল হলেন এই আনন্দে।
প্রতিদিন এই ট্রেন ধরে কলকাতায় আসেন অতনুর মতো অনেকেই। আবার দিনের শেষে একই ট্রেনে বাড়ি ফেরেন তাঁরা। রাজু,নির্মল,পিন্টু,সঞ্জয়,মিলন,গোবিন্দ,মানিকরা মতো সহ যাত্রীরা অতনুর রোজ সফরের সঙ্গী।
নিত্যদিন যাতায়াতা করতে করতে এক আলাদা আত্মীয়তা তৈরি হয়েছে তাঁদের মধ্যেও। পরিবারের বাইরে যেন এক আলাদা পরিবার। সেখানে সমবয়সী শুধু নন, অসমবয়সীরাও রয়েছে। কর্মস্থলে যেতে যেতে ব্যক্তিগত অনেক কথাই নিজেদের মধ্যে ভাগ করে নেন। একে অপরের আপদে-বিপদে ঝাঁপিয়েও পড়েন। সেই বন্ধুরা মিলেই অতনুর জন্য বিয়ে সারপ্রাইজ গিফট দেবেন বলে ঠিক করেছিলেন।
পিন্টু দে জানান, ''এ বিষয়ে অতনু আগে থেকে কিছুই জানতেন না। আমরা বন্ধুরা সকলে মিলে এরকম একটা সারপ্রাইজ গিফট দিয়েছি।''
বন্ধুদের এই উপহারে অতনু জানান, ''আমার মুখে ভাষা নেই। এই উপহারে খুব খুশি। এই ভাবে আমার আইবুড়ো ভাত হবে কল্পনা করতে পারিনি।''