শেষ আপডেট: 4 December 2019 08:49
ছোট্ট ব্যাটম্যান-শিশু লুনাকে অনেক আদর-আশীর্বাদ জানিয়েছেন নেটিজেনরা এবং শুভেচ্ছা জানিয়েছেন তার সুস্থ হয়ে ওঠার। হ্যাঁ, ছোট্ট একটি অসুস্থতার জেরেই তার মুখজোড়া এমন সুপারহিরোর মুখোশ। এ অসুখের নাম কনজেনিটাল মেলানোসাইটিক নেভাস। যার কারণে ত্বকে অস্বাভাবিক কালো রঙের দাগ তৈরি হয়। আমরা যাকে জরুল বলি, এ যেন খানিক তেমনটাই। তবে মুখের একটা বড় অংশ জুড়ে এই কালো ছোপ পড়ায়, তা চিকিৎসা করে সারাতে চাইছেন লুনার মা-বাবা।
লুনার মা ক্যারল ফেন জানিয়েছেন, আট মাসের লুনাকে নিয়ে ফ্লোরিডা ছেড়ে রাশিয়ার ক্রাসনোদার শহরে গিয়েছেন তিনি। শুরু হয়েছে চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছে, সারা পৃথিবীর মাত্র দেড় শতাংশ মানুষ এই বিরল ত্বকের অসুখে ভোগেন। এটি জন্মগত। তবে দুরারোগ্য নয়, ফোটোডায়নামিক থেরাপির মাধ্যমে মুছে যায় এই দাগ। কয়েক দিনের চিকিৎসার পরেই লুনার কপালের কিছুটা কালো দাগ উঠে গিয়েছে। আরও এক-দেড় বছর চিকিৎসা চললে, ৭-৮টি অস্ত্রোপচার করা হলে, পুরোপুরি উঠে যাবে মুখের দাগ।
তবে তার আগেই লুনাকে নিয়ে বেশ কিছু ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করেছেন মা ক্যারল। মা-বাবা দু'জনে মিলে নকল ব্যাটম্যানের মুখোশ পরেও ব্যটম্যান লুনার সঙ্গে ছবি তুলে পোস্ট করা হয়েছে। তার পরেই ভাইরাল হয়ে গিয়েছে, ব্যাটম্যানের মতো দেখতে এই ছোট্ট সুপারহিরোর কথা। নেটিজেনদের শুভেচ্ছা উপচে পড়েছে।
দেখুন সোশ্যাল মিডিয়ায় লুনার ছবি।
https://www.facebook.com/itoro.i.noah/posts/10217474201420623
এর আগেও এক বার সামনে এসেছিল নাতালি জ্যাকসনের কথা। সেই মার্কিন শিশুটিও জন্মেছিল মুখ ভরা এমনই দাগ নিয়ে। কিন্তু তার মা-বাবা সিদ্ধান্ত নিয়েছিল, চিকিৎসা করিয়ে দাগ মুছবেন না তাঁরা। বড় হওয়ার পরে যদি সে নিজে মনে করে এই দাগ তার ভাল লাগছে না, তা হলে সেটা মোছার ব্যবস্থা নিজেই করবে তাঁদের সন্তান। কারণ তাঁরা মনে করেছিলেন জন্মগত ত্বকের দাগ কোনও দুর্বলতা নয়, যে তা মুছতে হবে। বরং যে কোনও দাগই মানুষের শক্তি।
লুনার মা ক্যারল অবশ্য সে ভরসা করছেন না। তাঁর কথায়, "এখন ও ছোট আছে, তাই এত আদর। বড় হয়ে স্কুলে গেলে যে ওকে এই নিয়ে বুলি হতে হবে না, তা তো আমি নিশ্চিত করতে পারি না। তা ছাড়া হাজার হলেও এটা অস্বাভাবিকতা। চিকিৎসা আছে যখন, তখন তা কাজে লাগিয়ে ছোটবেলায় সারিয়ে ফেলাই ভাল।"
তবে ব্যক্তিগত মত যার যাই হোক না কেন, সকলের ভালবাসায় হাসপাতালে বেশ দিন কাটছে লুনার। এর মধ্যেই তাকে ভালবেসে এক শুভার্থী উপহার পাঠিয়েছেন একটি পুতুল। যে পুতুলের মুখটা অবিকল লুনারই মতো, ব্যাটম্যানের মুখোশ পরা। তাকে পেয়ে দিব্যি খুশি একরত্তি লুনা।