দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, মা হওয়া মুখের কথা নয়। মা হওয়ার সঙ্গে সঙ্গেই এক জন তরুণীর উপর যে কর্তব্য বর্তায়, তা সত্যিই খুব সহজ নয়। এক ধাক্কায় দায়িত্ব বেড়ে যায় অনেকটা। বেড়ে যায় সাবধানতার পাল্লা। বেড়ে যায় সতর্কতার মাত্রা। এই গোটা পদ্ধতিটা আত্মস্থ করা, বেশির ভাগ মায়েরই যেন সহজাত। তবু ভুল হয়ে যায় কারও কারও। কেউ কেউ অসাবধানতায় ঘটিয়ে ফেলেন ভুল। কাউকে আবার সে ভুলের মাসুল একটু বেশিই দিতে হয়।
তেমনই এক নতুন মায়ের ভুলে প্রাণ চলে গেল এক মাসের ছোট্ট শিশুর। ২৬ বছরের নতুন-মা মেরিনা তিলবি এক মাসের সন্তানকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন নাইটক্লাবে। সেখানে যারপরনাই আনন্দ উপভোগ করার পরে, বেসামাল অবস্থায় ঘুমিয়ে পড়েন তিনি। বুঝতেও পারেন না, এক মাসের এক রত্তি সন্তান চাপা পড়ে গিয়েছে তাঁরই শরীরের নীচে! দম বন্ধ হয়ে মারা গেল সে!
গত বছর লন্জনের মিড ওয়েলস এলাকায় ঘটা এই মর্মান্তিক ঘটনাটিতে অভিযুক্ত মায়ের সাজা ঘোষণা হয়েছে সম্প্রতি। জানা গিয়েছে, আড়াই বছর জেল খাটতে হবে তিলবিকে। আর এই সাজা ঘোষণার সঙ্গে সঙ্গেই ফের এক বর সামনে এসেছে ঘটনাটি।
নিহত ওই শিশুর নাম দারিয়ান। মাত্র মাসখানেক বয়স হয়েছিল তার। কিন্তু ২৬ বছরের মা ব্যস্ত হয়ে উঠেছিলেন তাঁর আনন্দ-ফূর্তিতে নিমজ্জিত জীবনে ফেরার জন্য। তাই নাইটক্লাবে যাবেন বলে ঠিক করেছিলেন। বাচ্চাকে সামলানোর কেউ ছিলেন না বাড়িতে। তা ছাড়া বাচ্চাকে ঘনঘন খাওয়ানোরও ব্যাপার আছে। তাতে কী, কোয়ি পরোয়া নেহি! বাচ্চাকে সঙ্গে নিয়েই নাইটক্লাবে চলে গেলেন মা।
তবে সেখানে গিয়ে কিন্তু মোটেই নতুন মায়ের মতো আচরণ করেননি তিলবি। এত দিন সামলে থাকার পরে আচমকা আনন্দের আলোয় এসে পড়ে বোধ হয় ভুলেই গিয়েছিলেন বাচ্চার কথা। তাই মদ্যপানও করে ফেলেন সীমা অতিক্রম করে। রীতিমতো মাতাল হয়ে বাচ্চাকে নিয়ে খেলতে শুরু করেন তিনি। নাইটক্লাবে সে সময়ে উপস্থিত মানুষেরাও দেখেন, বাচ্চাকে শূন্য ছুড়ে ফের লুফে নেওয়ার মতো খেলছেন তিলবি।
এর কিছু ক্ষণ পরেই নাইটক্লাবের একটি ঘরে ঘুমোতে যান তিলবি। সেখানে তিনি ও তাঁর বাচ্চার জন্য দু'টি খাট দেওয়া হলেও, তিনি বাচ্চাকে নিজের কাছে নিয়েই শুতে চান। কিন্তু ঘুমের মধ্যেই যে চাপা দিয়ে ফেলেছেন দুধের শিশুকে, বুঝতেও পারেননি তিনি। সকালে ঘুম ভাঙে মায়ের, সাড়া মেলে না বাচ্চার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, মায়ের শরীরের চাপে হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়ে মারা গিয়েছে শিশুটি।
ঘটনাটিকে নৃশংস ও মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন আদালতের বিচারক। অভিযুক্ত মাকে চরম স্বার্থপর বলে ভর্ৎসনা করেছেন। পল থমাস নামের ওই বিচারক রায় দেওয়ার সময়ে বলেন, "মাত্র এক মাসের একটা বাচ্চার খেয়াল রাখা তো মায়ের আশু-কর্তব্য। মায়ের দায়িত্ব, মায়ের সহজাত স্বভাব হল বাচ্চার নিরাপত্তা সুনিশ্চিত করা। কিন্তু মা এতই মদ খেলেন, যে সেটুকু কাজ করতে পারলেন না!"