
শেষ আপডেট: 17 June 2023 05:07
দ্য ওয়াল ব্যুরো: স্কুল শুরুর মুখে মাইকে বেজে উঠল আজান। পথচলতি কেউ কেউ মোবাইলে তা রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন। সঙ্গে প্রশ্ন তুললেন, ‘স্কুলে আজান! হচ্ছেটা কী’
মুহূর্তে স্কুলের গেটে জড়ো হয়ে গেলেন এলাকাবাসী এবং অভিভাবকেরা। তাঁদের প্রশ্ন, স্কুলের প্রার্থনা সঙ্গীতে কেন আজান। ততক্ষণে ক্লাস শুরু হয়ে গিয়েছে। বাচ্চারা ক্লাস রুমে বসেই দেখতে পাচ্ছে বাবা-মায়েরা স্কুলের গেটে দাঁড়িয়ে হইচই করছেন। প্রধান শিক্ষিকা রেশমা হেগড়ে তাঁদের হাতজোড় করে বোঝানোর চেষ্টা করছেন কেন বাজানো হয়েছে আজান।
কিন্তু প্রতিবাদীরা শুনতে নারাজ। তাদের দাবি, যে শিক্ষক আজানের টেপ বাজিয়েছেন তাঁকে এখনই স্কুল থেকে বের করে দিতে হবে। গোলমালের খবর পেয়ে পুলিশ আসে। তারাও প্রতিবাদকারীদের বোঝানোর চেষ্টা করে, স্কুলের নির্দেশেই শিক্ষক আজানের টেপ বাজিয়েছেন। তাঁকে অভিযুক্ত করা ঠিক হবে না।
কিন্তু অভিভাবকেরা নাছোড়। তাদের দাবি, সরাতেই হবে শিক্ষককে। প্রধান শিক্ষিকা বলেন, স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, প্রতিদিন পালা করে বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ স্লোক ইত্যাদি প্রার্থনার সময় পাঠ করা হবে। এটা সব ধর্ম সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা। তাছাড়া স্কুলে মুসলিম ছেলেমেয়েরাও আছেন।
কিন্তু অভিভাবকেরা সে কথায় সন্তুষ্ট হননি। শিক্ষককে সাময়িক বরখাস্ত করতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ। নতুন করে বৈদিক মন্ত্র পাঠ করিয়ে ফের ক্লাস শুরু হয়।
ঘটনাটি খোদ মুম্বইয়ের কান্দিভ্যালি এলাকার। শুক্রবারের এই ঘটনা নিয়ে রাজ্যে তোলপাড় শুরু হয়েছে। এমনীতেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ঔরঙ্গজেবের ছবি দেওয়া নিয়ে নিত্য অশান্তি চলছে রাজ্যটিতে। কোলহাপুরে রীতিমতো দাঙ্গা হয়ে দিয়েছে। তপ্ত ঔরঙ্গাবাদ।
মুম্বইয়ের স্কুলটিতে শুক্রবার তিরিশ সেকেন্ডের জন্য বাজানো হয়েছিল আজানের অংশ। তাতেই অশান্তির সূত্রপাত। অভিভাবকদের ভিড়ে মিশে যায় হিন্দুত্ববাদী তিন দল বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। বিজেপির স্থানীয় বিধায়ক যোগেশ সাগরের বক্তব্য, আজান বাজানোর সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ মানসিক আঘাত পেয়েছেন। স্কুল কাজটা ঠিক করেনি।
পুলিশ অবশ্য এই ঘটনায় এফআইআর করেনি। অভিভাবকেরা লিখিত অভিযোগ করলেও পুলিশ জানিয়ে দেয় আমরা প্রাথমিক অনুসন্ধান করে দেখবো আজান বাজানো আদৌ বেআইনি কি না, স্কুল এবং শিক্ষক কোনও বিধিভঙ্গ করেছেন কিনা।
বিস্ফোরক মোদীর মন্ত্রীও, ‘মণিপুরে আইনের শাসন নেই,’ প্রধানমন্ত্রী মৌনীই