দ্য ওয়াল ব্যুরো : লোকসভায় বিজেপির সাংসদ রমা দেবীর উদ্দেশে নারীবিদ্বেষী মন্তব্য করেছিলেন সমাজবাদী পার্টির আজম খান। দলমতনির্বিশেষে অনেকেই ওই মন্তব্যের নিন্দা করেন। সোমবার লোকসভায় রমা দেবীর কাছে ক্ষমা চাইলেন আজম খান। রমা দেবী অবশ্য আগেই বলেছিলেন, তিনি আজম খানকে ক্ষমা করবেন না। এদিন তিনি বলেন, আজম খানের কথায় দেশের নারী এবং পুরুষ, সকলেই আঘাত পেয়েছেন।
তাঁর কথায়, আজম খান বুঝতেই পারছেন না তিনি কী বলেছেন। তাঁর অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। আমি ওইসব মন্তব্য শুনতে এখানে আসিনি।
গত বৃহস্পতিবার লোকসভায় তিন তালাক নিয়ে বিতর্ক চলার সময় সমাজবাদী পার্টির এমপি রমা দেবীর উদ্দেশ্যে ওই বিতর্কিত মন্তব্য করেন। ওই মন্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। আজম খানের বিরুদ্ধে অতীতেও নারীবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে। এবার অবশ্য তিনি বলেছেন, তাঁর কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
তিনি রমা দেবীকে সম্বোধন করে বলেন, বোন, আমি দীর্ঘদিন রাজনীতি করছি। আমার পক্ষে খারাপ কিছু বলা সম্ভবই নয়। আমি যদি একটিও অসংসদীয় শব্দ বলে থাকি, তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দেব।
বিজেপির সুষমা স্বরাজ বলেন, আজম খান ভদ্রতার সব সীমারেখা পার হয়ে গিয়েছেন। তাঁর মন বিকৃত। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, আমি স্পিকারের কাছে দাবি জানাচ্ছি, আজম খানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
রমা দেবী বলেন, আজম খান যদি সেদিনই তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিতেন, তা হলে তাঁকে ক্ষমা করতাম। কিন্তু বৃহস্পতিবার তিনি ওই মন্তব্য করে সংসদ থেকে বেরিয়ে গেলেন। এতে আমি আরও অপমানিত বোধ করেছি।
তাঁর কথায়, আমি স্পিকারকে বলব, আজম খান কেবল রমা দেবীকে অপমান করেননি, সারা দেশের মহিলাদের অপমান করেছেন। তাঁকে এমন শাস্তি দিতে হবে যা আগামী প্রজন্মও মনে রাখবে।