
আবাস যোজনার তালিকা বিতর্ক
শেষ আপডেট: 11 November 2024 12:26
দ্য ওয়াল ব্যুরো: আবাস যোজনার তালিকায় 'ভূতুড়ে' নাম-বিতর্ক যেন পিছু ছাড়ছে না। বাড়ি পেয়ে যাওয়া সত্ত্বেও নাম থেকে যাওয়া হোক অথবা এক নাম বারবার থাকা হোক। বিতর্ক চলছেই।
এবার বিতর্কের মুখে কাটোয়া জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান হারু দাস। অভিযোগ দু’বছর আগে বাড়ি পেয়ে গেলেও আবাস তালিকায় সবার উপরে রয়েছে পঞ্চায়েত প্রধানের নাম। আর এতেই পালে হাওয়া লেগেছে বিরোধীদের, যার জেরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি।
জানা গেছে, ২০১৮ সালে তালিকায় নাম ওঠে স্থানীয় বাসিন্দা হারু দাসের। সেই অনুযায়ী ৪ বছর পর অর্থাৎ ২০২২ সালে ঘরও পান আমডাঙার হারু দাস। কিন্তু ২০২৪ সালে তালিকা প্রকাশ পেলে দেখা যায় পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের পঞ্চায়েত প্রধান হারু দাসের ১ নম্বরে নাম রয়েছে। আর তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনা সামনে আসতেই অবশ্য ব্যবস্থা নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাড়ি না নেওয়ার জন্য পঞ্চায়েত প্রধানকে লিখিত দরখাস্ত দিতে নির্দেশ দিয়েছে দল। এই শোরগোলের মধ্যেই নিজের নাম আছে জানতে পেরে সংশ্লিষ্ট দফতরকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন হারু।
তবে এই প্রথম নয়। এই এলাকায় এর আগেও অভিযোগ উঠেছে 'ভূতুড়ে' নামের। অনেক সময় দেখা গেছে একই নাম ৫ বার রয়েছে। যদিও ঠিকানা, স্বামীর নাম বা বাবার নাম আলাদা। এলাকায় ওই নামে কেউ থাকেন না বলেই জানা গেছে। তবু বারবার একই নাম ও পদবী, অথচ স্বামী বা বাবার নাম আলাদা।
পরে দেখা গেছে, ঠিকানাগুলি আসল হলেও ওই নামের কাউকে পাওয়া যায়নি। এই নিয়ে শাসক দলের বিরুদ্ধে বারবারই নিশানা করেছেন বিরোধীরা। যদিও সরকারি কর্মীদের ভুলেই এই বিভ্রাট বলে জানা গেছে।