দ্য ওয়াল ব্যুরো : গত ৩০ ডিসেম্বর আমেরিকার শিকাগো শহরে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা সুরিল দাবাওয়ালা। ১৩ জানুয়ারি সুরিলের নিজের গাড়ির ভেতরেই উদ্ধার হল তাঁর দেহ। দেহটি কম্বলে মোড়া ছিল। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছিল। কিন্তু ৩৪ বছরের সুরিলের মৃত্যু নিয়ে রহস্যের কিনারা হল না তার পরেও। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
চিকিৎসকরা জানিয়েছেন, খুন হওয়া দেহে ট্রমার চিহ্ন থাকে। কিন্তু সুরিলের দেহের ময়না তদন্ত করে তেমন কিছু পাওয়া যায়নি। অর্থাৎ তিনি মৃত্যুর আগে খুব ভয় পেয়েছিলেন বা বড় আঘাত পেয়েছিলেন বলে মনে হচ্ছে না। রহস্যজনক ব্যাপার হল, সুরিল যদি খুন না হয়ে থাকেন, তাঁর দেহটি গাড়ির ডিকিতে রাখল কে? দেহটি কম্বল দিয়ে মুড়েই বা দিল কে? পুলিশ জানিয়েছে, ময়না তদন্তেও যখন মহিলার মৃত্যু সম্পর্কে বিশেষ কিছু জানা গেল না, তখন খোঁজ নিয়ে দেখা হবে, কেউ প্রত্যক্ষদর্শী আছেন কিনা।
সুরিল শিকাগোর লয়োলা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। তিনি নিখোঁজ হওয়ার পরে তাঁর পরিবার বেসরকারি ডিটেকটিভ নিয়োগ করেছিল। সেইসঙ্গে ঘোষণা করেছিল, যে তাঁর সন্ধান দিতে পারবে তাকে দেওয়া হবে ১০ হাজার ডলার। গোয়েন্দারা গত সোমবার শিকাগোর ওয়েস্ট গারফিল্ড পার্কের কাছে সুরিলের মৃতদেহ উদ্ধার করেন।
সুরিলের পৈতৃক বাড়ি গুজরাতে। তাঁর বাবার নাম আশরফ দাবাওয়ালা। তিনি আমেরিকার স্কামবার্গের বিশিষ্ট চিকিৎসক। স্থানীয় ভারতীয়রা জানিয়েছেন, দাবাওয়ালার পরিবারের সকলে অত্যন্ত সজ্জন।