
শেষ আপডেট: 27 June 2022 16:58
দ্য ওয়াল ব্যুরো: নীল-সাদা রঙের স্কুল ড্রেস নিয়ে কম জলঘোলা হয়নি। তার মাঝেই কলকাতায় আসতে চলেছে নীল-সাদা অটো (Auto)। শহর এবং শহরতলিতে (Kolkata) যেসব অটো চলে তার রঙ আগামীদিনে নীল-সাদা করে দেওয়া হবে, তেমনটাই ইঙ্গিত মিলেছে রাজ্য পরিবহণ দফতর সূত্রে।
সূত্রের খবর, সমস্ত অটো নীল-সাদা (Blue-White) করে দেওয়ার ভাবনা রয়েছে। তবে এখনও তা পরিকল্পনার স্তরেই রয়েছে বলে খবর। এও শোনা যাচ্ছে, চলতি বছরের মধ্যেই নাকি পরিবহণ দফতর থেকে নীল-সাদা অটোর নির্দেশিকা জারি করে দেওয়া হবে। তা কার্যকরও হবে এবছরেই।
বস্তুত ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই নীল-সাদা রঙের গুরুত্ব বেড়ে গেছে। প্রশাসনিক ভবন থেকে শুরু করে ফ্লাইওভার, রাস্তাঘাট সব জায়গায় হয়েছে রঙবদল। এবার সেই ছোঁয়া লাগতে চলেছে অটোতেও।
অতীতে নয়ের দশকের শেষ পর্যন্ত হাওড়ার সালকিয়া, বেনারস রোড, বেলুড়, বালি, কদমতলায় নীল-সাদা অটো চলত। পরে আস্তে আস্তে তা উঠে যায়। বর্তমানে কলকাতা শহর ও পার্শ্ববর্তী এলাকায় যে সব অটো চলে তার রঙ মূলত সবুজ-হলুদ। সেই রঙ বদলে অটো হতে চলেছে নীল-সাদা।
আরও পড়ুন: সাংবাদিক জুবেইরকে গ্রেফতার করল পুলিশ, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ