দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্নীতির পর্দা ফাঁস, এবার স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া বা এসএআই-র। বৃহস্পতিবার ঘুষ নেওয়ার অভিযোগে এএসআই-এর ডিরেক্টর এস কে শর্মাকে গ্রেফতার করল সিবিআই। একই অভিযোগে আরও পাঁচ আধিকারিক গ্রেফতার হয়েছেন। দিল্লি লোধি রোডের দফতরে তল্লাশির পর তাঁদের গ্রেফতার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, ১৯ লক্ষ টাকার বিল পাশ করাতে তাঁরা মোট টাকার তিন শতাংশ ঘুষ চেয়েছিলেন। বিষয়টি ক্রীড়া মন্ত্রকের কানে আসে, খবর দেওয়া হয় সিবিআইকে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এসআইএ-এর দফতরে সিবিআই তল্লাশি চালায়। ছ'জনকে গ্রেফতারের পর জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্পোর্ট অথরিটির হেড কোয়ার্টার্স বন্ধ করে দেয় সিবিআই।
ঘুষ নেওয়ার অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা নিতে দেরি করেননি ক্রীড়া মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। তিনি নিজেই সিবিআই-কে বিষয়টি জানান। গ্রেফতারের পর টুইট করে তিনি বলেন, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার দফতরে দুর্নীতি বরদাস্ত করা হবে না। জানতে পারলেই তা দমন করা হবে, দুর্নীতির অভিযোগ পেলেই তা রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
https://twitter.com/Ra_THORe/status/1085939028870889473
এদিন শর্মা ছাড়া গ্রেফতার হয়েছেন, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট হরিন্দর প্রসাদ, সুপারভাইজার ললিত জলি, আপার ডিভিশন ক্লার্ক ভি কে শর্মা, একজন কনট্র্যাক্টর মনদীপ আহুজা এবং তাঁর অফিসের কর্মী ইউনুস। প্রত্যেকেই শর্মার নেতৃত্বে গোটা দুর্নীতি কাণ্ডে জড়িত ছিলেন বলে অনুমান। জেরায় ঘুষ নেওয়ার কথা স্বীকারও করেছেন শর্মা বলে সিবিআই সূত্রের খবর।
আরও পড়ুন-
https://www.four.suk.1wp.in/news-india-bjp-is-far-ahead-of-congress-tmc-in-terms-of-getting-corporate-donations/