দ্য ওয়াল ব্যুরো: সমস্ত নৃশংসতাকে যেন ছাপিয়ে গিয়েছে তরুণী। তদন্তে নেমে শিউরে উঠছে তাবড় পুলিশ অফিসাররাও। নিজের মাকে খুন করে, মাথা কেটে, বাড়ির সামনের ফুটপাথে রীতিমতো প্রদর্শনী করে রেখে দিয়েছে সে!
অস্ট্রেলিয়ার সিডনির এই ঘটনায় ঘাতক তরুণীকে গ্রেফতার করে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার খবর আসে একটি খুন হয়েছে সিডনিতে৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। কিন্তু পৌঁছনোর পরে সেই হত্যার দৃশ্য দেখে খোদ পুলিশের হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়৷ জানা যায়, ফুটপাথে প্রতিবেশী প্রৌঢ়ার কাটা মুন্ডু পড়ে থাকতে দেখে রীতিমতো আতঙ্কিত পড়শিরা! পুলিশ নিজেও ওই দৃশ্য দেখে চমকে যায়।
তদন্তে জানা যায়, ৫৭ বছরের মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার পরে মুন্ডুটি কেটে ২৫ বছরের মেয়ে রেখে দিয়েছে বাড়ির সামনের ফুটপাথে৷ যা দেখে দুঁদে গোয়েন্দারাও বলছেন, "সাম্প্রতিক সময়ের সব চেয়ে ভয়াবহ দৃশ্য দেখলাম৷"
অপরাধী তরুণী এই কাণ্ড ঘটিয়ে, নিজে লুকিয়ে ছিল প্রতিবেশীর বাগানে একটি ঝোপের পিছনে৷ ওই বাড়ির বছর চারেকের এক শিশু দেখতে পায় তরুণীকে৷ পুলিশকে জানায় সে-ই।
সিডনির গোয়েন্দা কর্তা ব্রেট ম্যাকফাডেনের কথায়, "আমাদের তো অনেক ধরনের অপরাধের মুখোমুখি হতে হয়৷ কিন্তু এই দৃশ্য আমাদের কাছে ভয়ঙ্কর। এবং এটা এতটাই নৃশংস, যে আমাদেরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সমস্যা হয়৷" খুনি তরুণীকে আদালতে পেশ করা হলে বিচারক সবটা খতিয়ে দেখে জানান, অপরাধীর মানসিক চিকিৎসা প্রয়োজন৷ তাই তাকে পাঠানো হয়েছে মানসিক হাসপাতালে৷
মা কিংবা বাবাকে সন্তান খুন করেছে, এমন ঘটনা পৃথিবীতে যে একেবারে বিরল, তা নয়৷ কিন্তু সিডনির এই ২৫ বছরের তরুণী যা করল, খুনের পরে যে ভাবে মায়ের মাথা কেটে সাজিয়ে রাখল রাস্তায়, তা বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলেই মনে করছে পুলিশ৷